জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামদের এগিয়ে আসার আহ্বান
একের পর এক জঙ্গি হামলা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার সদর উপজেলার উদ্যোগে স্থানীয় মসজিদ ও মক্তবের ইমামদের নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে মৌলভীবাজার শহরে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার উপপরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সুপারভাইজার ইয়াহইয়া আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
দেশে একের পর এক জঙ্গি হামলা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সদর উপজেলার ইউএনওর নেতৃত্বে ইমামদের বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা গুলশান-শোলাকিয়ায় নৃশংস জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলামের নামে যারা মানুষ খুন করে, তারা আর যাই হোক ইসলামের প্রতিনিধিত্ব করে না। শান্তির ধর্ম ইসলামের সঙ্গে এসব জঙ্গির কোনো সম্পর্ক নেই।
বক্তারা জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা ও জঙ্গিদের হাত থেকে মানুষকে রক্ষা করা, দেশের স্থিতিশীলতা বিনষ্ট ও দেশকে আফগান-সিরিয়ার মতো ব্যর্থ রাষ্ট্র বানানোর অপচেষ্টার বিরুদ্ধে মহল্লায়-মহল্লায় জঙ্গিবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে ইমামদের প্রতি আহ্বান জানান।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার