‘বার বার মন্দিরে হামলা হলেও সুরাহা নেই’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটতরাজ ও হামলার বিচারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনাতন ধর্ম সংঘ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, ‘এ দেশে সুদীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক হামলা হয়ে আসছে। কিন্তু এগুলোর কোনো সুরহা আমরা দেখতে পাই না। এভাবে আমাদের আর কতদিন আন্দোলন, মানববন্ধন করে যেতে হবে? এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য নাসিরনগরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।’
মানববন্ধন সঞ্চালনা করেন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র সূতার। মানববন্ধনে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরের দিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনার রেশ না কাটতেই গত ৫ নভেম্বর একই উপজেলায় হিন্দুদের পাঁচটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাবি সংবাদদাতা