শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠক, তিন সমঝোতা স্মারক সই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর বাংলাদেশ ও ভারত তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বৈঠকের পর সাংবাদিকদের বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
সমঝোতা স্মারকগুলো হলো—
১. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারকের আওতায় দুদেশের মধ্যে কৃষি গবেষণা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা জোরদার হবে।
২. ২০২৩ থেকে ২৫ এর জন্য কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম (সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম)। এর অধীনে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক খাতে দুদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারকরণে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করা হবে।
৩. ভারতের এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের (বিবি) মধ্যে একটি সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক লেনদেন সম্পাদন সহজতর হবে।
এর আগে নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি তার নিজস্ব অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজিতে দুটি পোস্ট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কিছু ছবি পোস্ট করেন ও লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বেলা ১১টার দিকে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে পৌঁছালে লাল গালিচায় তাকে স্বাগত জানানো হয়। বিকেলে মোদির বাসভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে এক্সে ছবিসহ ‘বৈঠক ফলপ্রসু’র কথা পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী।
জি-২০ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। আর সভাপতির এখতিয়ারেই বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। প্রধানমন্ত্রী মোদি যে নয়টি দেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, বাংলাদেশ ও মরিশাস তাদের অন্যতম। বাকিগুলো হলো—স্পেন, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মিসর ও নাইজেরিয়া।
নয়াদিল্লি সফর শেষে আগামী ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)