দুই লরির সংঘর্ষে চালক-হেলপার নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই লরির সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগণ্ডা এলাকায় বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে লরি চালক আব্দুল জব্বার (৩১) ও চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে হেলপার মো. শাকিল (২২)।
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রাত দেড়টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি চলমান লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অপর একটি লরিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের লরিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আব্দুল জব্বার প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হেলপার শাকিলকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দিন জানান, লরি দুটি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনায় মোট দুজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)