চাঁদাবাজিতে বাধা দেওয়ায় যুবদলনেতাকে ছুরিকাঘাত
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজারে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি করতে বাধা দেওয়ায় যুবদলনেতা উমর ফারুক ভূঁইয়াকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার চাচাত ভাই তাইফুল হক আহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১ নং দক্ষিণ কালিবাজার উমর ফারুক ভূঁইয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন বলে আজ (বৃহস্পতিবার) সকালে নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
আহত মো. ওমর ফারুক ভূঁইয়া কুমিল্লার ১ নং দক্ষিণ কালিবাজার রাইচো ভূঁইয়া বাড়ির আব্দুল মালেক ভূঁইয়া ছেলে এবং অপর আহত তার চাচা শামসুল হক ভূঁইয়ার ছেলে তাইফুল হক।
লিখিত অভিযোগের সূত্র জানায়, কালির বাজারে মাসুম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন। তার এ কাজে বাধা দেন যুবদল নেতা উমর ফারুক ভুঁইয়া। এতে ক্ষিপ্ত হয়ে মাসুমের নেতৃত্বে একটি দল বুধবার সন্ধ্যায় উমর ফারুক ভূঁইয়ার বাড়ির সামনে এসে উমর ফারুক ও তার চাচাতো ভাই তাইফুল হকের ওপর হামলা চালান। অভিযুক্ত হামলাকারীরা উমর ফারুকের কাঁধ, পেট ও পিঠে ছুরিকাঘাত করেন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত তাইফুল হক বলেন, আজকে মাগরিবের পর আমার চাচাতো ভাই ও আমি আমাদের বাড়ির সামনে অবস্থান করেছিলাম। তখন ছাত্রলীগ নেতা মাসুমের নেতৃত্বে কয়েকটি বাইকে এসে একদল সন্ত্রাসী আমার বড় ভাইকে চা-পাতি দিয়ে কোপাতে থাকে। আমার ভাইয়ের বাম কাঁধে, পিঠে কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা। আমি বাধা দিতে গেলে আমার ওপরও তারা হামলা চালায়।
যুবদলনেতা উমর ফারুক ভুঁইয়া বলেন, ছাত্রলীগনেতা মাসুম কালির বাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি করলে আমি বাধা দেই। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়েই আমার বাড়ির সামনে গিয়ে তাদের একটি দল চাপাতি, সুইজগিয়ার দিয়ে আমার ওপর হামলা চালায়। আমার ওপর হামলা দেখে আমাকে বাঁচাতে আসা আমার চাচাতো ভাই তাইফুল হকের ওপরও তারা হামলা চালায়।
হামলাকারীরা হলেন বল্লভপুরের আলী আজগরের ছেলে মাসুদ আল হাসান মাসুম, হাত কাটা বাইল্লা, রেন্ডি মামুন, বাইল্লার ছেলে অপু, ইউছুফ, আবুল কালাম, আনিস, মিজান। হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে জড়িত।
অভিযুক্ত মাসুমের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। দুই গ্রুপের মধ্যে বিরোধ হয়েছে বলে জেনেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা