প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
ঝালকাঠির নলছিটিতে প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম জোমাদ্দার (২৫)। নির্ধারিত সময় শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন রাকিবুল। তিনি উপজেলার সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
পরিবার সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন রাকিবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তাঁর বাবা মোশাররফ জোমাদ্দরের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। প্রশাসনের অনুমোদনের পর স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি জানাজায় অংশ নেন। এসময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ছাত্রলীগ নেতা অভিযোগ করে বলেন, জানাজা ও দাফনের সময়ও রাকিবুলের ডান্ডাবেড়ি খোলা হয়নি। বাড়ি থেকে বাবার লাশ কাঁধে নিয়ে ডান্ডাবেড়ি পড়েই কবরস্থানে যায় রাকিবুল। এটা অমানবিক। কিছুক্ষণের জন্য খুলে দিলেই কি সে পালিয়ে যেত?
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, রাকিবের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাবার মৃত্যু যে কোনো সন্তানের জন্য অত্যন্ত কষ্টের। প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় অংশ হওয়া আরও বেদনাদায়ক। কিন্তু তাঁর পায়ে ডান্ডাবেড়ি ছিল, এটা অমানবিক হয়েছে। আমরা রাকিব ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার ধৈর্য কামনা করি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবকে পুলিশ পাহারায় জানাজায় নেওয়া হয়। দাফন শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিয়েছে, আমরা সেভাবেই তাকে জানাজা ও দাফনে অংশ নিতে দিয়েছি।

কে এম সবুজ, ঝালকাঠি