ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
রাজধানীর মতিঝিল থানাধীন এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামি মো. নাজিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (১৭ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে, একজন পেশাদার মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটের একটি চালান ঢাকায় আনে মতিঝিল এলাকায় লেনদেন করবে বলে। এই খবর পেয়ে গত বছরের ৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে আসা ওই বাসের গতিরোধ করা হয়। এ সময় গাড়ি থেকে স্কুল ব্যাগসহ নাজিম নামার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার স্কুল ব্যাগ তল্লাশি করে একটি পলিথিন ব্যাগে পুরাতন গামছা দিয়ে মোড়ানো অবস্থায় ১৪০টি জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। এ সময় তার কাছে থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে ওই দিনই মতিঝিল থানায় মামলা করেন। পরবর্তীতে ওই বছরের ৩০ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক(এসআই) মোহাম্মদ মজিবর রহমান ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত প্রতিবেদক