মাহবুব হত্যা মামলায় সাবেক সচিব জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর আদেশ
রাজধানীর কাফরুল থানায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আব্দুল আলীম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে শুনানির জন্য বিচারক আজ দিন নির্ধারণ করেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানার বিআরটিএর সামনে আন্দোলনে অংশ নেন ভিকটিম মাহবুব হাসান মামুন (৩৪)। ওইদিন বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করে রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন।

আদালত প্রতিবেদক