কাল এনটিভিতে ‘শুধু তোমার জন্য আমি’
জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে আগামীকাল শুক্রবার প্রচার হবে একক নাটক ‘শুধু তোমার জন্য আমি’। কাল রাত রাড়ে ৯টায় প্রচার হবে নাজমুল রনি নির্মিত এ নাটক।
নাটকের গল্পে দেখা যাবে, ইমন খুবই বোকা একটা ছেলে। বন্ধু রাসেলের বুদ্ধিতে সে সবকিছু করে। এমনকি নিজের প্রেম, গার্লফ্রেন্ডের সঙ্গে কী আচরণ করবে, এসব ব্যাপারেও সে রাসেলের সাহায্য নিত। ইমনের গার্লফ্রেন্ডের নাম লামিয়া। লামিয়া খুবই রাগী মেয়ে। ইমনের প্রতিটি আচরণে সে বকাঝকা করত। ইমন আসলে লামিয়ার আচরণ বুঝতে পারত না।
হঠাৎ করে লামিয়ার বাবা লামিয়াকে সন্দেহ করে ফেলে। বিশেষ করে সে ছিল একজন গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্মকর্তা। সবকিছুতে মেয়েকে সন্দেহ করত। কল লিস্ট চেক করে সে দেখতে পেল একটা নম্বরে লামিয়া প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কথা বলে। লামিয়ার চলাফেরার ওপর তার বাবা নিষেধাজ্ঞা আরোপ করে। লামিয়া এবার ইমনকে ফোনে জানিয়ে দেয়, সে আর তার সঙ্গে আগের মতো দেখা করতে পারবে না। ইমন যথারীতি রাসেলের কাছে বুদ্ধি নিতে যায়। রাসেলের পরিকল্পনামতো সব এগোতে থাকে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটি রচনা করেছেন মো. সাইফুর রহমান কাজল। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, তাসনুভা তিশা, কায়েস চৌধুরী, তানজিম হাসান অনিক প্রমুখ।

বিনোদন প্রতিবেদক