‘টেলিভিশন’ সিনেমার জুটি ফিরছে টেলিভিশনে
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ২০১৩ সালে নির্মাণ করেছিলেন তাঁর আলোচিত সিনেমা ‘টেলিভিশন’। সিনেমাটিতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা।
একই পরিচালকের হাত ধরে দীর্ঘদিন পর সিনেমাটির জনপ্রিয় জুটি আবার টেলিভিশনে ফিরছেন। তবে এবার তিশা থাকছেন না, থাকছেন তাসনিয়া ফারিণ।
সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে আকাশ ডিটিএইচের একাধিক বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। বিজ্ঞাপনগুলো পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
মোস্তফা সরয়ার ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল এক ফেসবুক স্ট্যাটাসে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে ইঙ্গিত করে লিখেছেন, ছেলেরা ব্যবসায় ফিরছে।
২০১৩ সালে মুক্তি পাওয়া ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমা দেশ-বিদেশের একাধিক পুরস্কার জয় করে আলোচনায় আসে। সিনেমায় মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশার অভিনয়ও ব্যাপক প্রশংসা কুড়ায়।

বিনোদন ডেস্ক