নিশো-মেহজাবীনের বিস্ময়কর অভিজ্ঞতা
গ্রাম থেকে ঢাকা শহরে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী দম্পতি। উদ্দেশ্য, এক পরিচিতের বাড়িতে কেয়ারটেকারের চাকরি। ঢাকায় আসার পর থেকে নানা রকমের বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হতে থাকে গ্রামের এই সরল মানুষ দুটি। তাদের কাছে ঢাকাকে মনে হয় আলাদা একটি দেশ। যেখানকার মানুষ, রীতিনীতি সবই আলাদা। মানুষ যে নানা রকমের হতে পারে, সেটা তারা এতকাল জানত না। তাদের ধারণা ছিল, পৃথিবীর সব মানুষই তাদের মতো!
নিশো-মেহজাবীন দম্পতি যেদিন নিজ চোখে দেখে এ শহরে কুকুরের জন্মদিনও পালন হয় বিয়ের অনুষ্ঠানের মতো করে, সেদিন বিস্ময়ে নির্বাক হয়ে যায়।
এমনই এক গল্প নিয়ে সিএমভির ব্যানারে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ। নাম ‘নির্বাসন’। নাটকটির চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা। শুটিং শেষ হয়েছে চলতি সপ্তাহে।
এ নাটক প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘এখানে আসলে গ্রাম থেকে আসা দুজন সত্যিকারের মানুষের চোখ দিয়ে এ শহরের পুতুল মানুষগুলোকে দেখানোর চেষ্টা করেছি। আমরা যারা এ শহরে আছি, তারা মূলত চাবিওয়ালা পুতুল। এর চেয়ে বিশেষ কিছু নয়। এটাই এ গল্পের ফোকাস পয়েন্ট। তবে গল্পের শেষটা একটু অন্যরকম।’ ‘নির্বাসন’-এর শেষে থাকে গল্পের বড় একটি মোড়। সেটি এখনই বলতে চান না নির্মাতা।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানালেন, নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে। এ ছাড়া একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে।

বিনোদন প্রতিবেদক