পূজায় তিশা-শাওনের ‘রঙ’
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর পূজা উপলক্ষে নতুন একটি একক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও সৈয়দ জামান শাওন। নাটকের নাম ‘রঙ’। এস এস রাত্রির রচনায় এটি পরিচালনা করেছেন তরুণ নাট্যনির্মাতা আর এন রুম্পা। সম্প্রতি ঢাকার দোহারের নবাবগঞ্জে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রুম্পা।
নাটকটি প্রসঙ্গে তিশা বলেন, “উৎসবকেন্দ্রিক নাটকে কাজ করতে সব সময়ই ভালো লাগে। এবারের পূজায় ‘রঙ’ নামের নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। তা ছাড়া আরো কয়েকটি পূজার নাটকে অভিনয় করেছি। সেগুলো পূজায় প্রচার হওয়ার কথা। আশা করছি, পূজার নাটকে আমাকে দর্শক নতুনভাবে দেখতে পাবেন।”
সৈয়দ জামান শাওন বলেন, ‘গল্পপ্রধান নাটকে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এ নাটকটিও তাই। আশা করছি, ভালো একটি নাটক হবে।’
‘রঙ’ নাটকে নুসরাত ইমরোজ তিশা ও সৈয়দ জামান শাওন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শেলি আহসান, এস এম আশরাফুল আলম, জয়ীতা, নিরব খান, সারাফাত প্রত্যয়সহ অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে পূজায় ‘রঙ’ নাটক একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হবে।

বিনোদন ডেস্ক