যা পেয়েছি গুড এনাফ, আমার কিছু লাগবে না : তিশা
ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশার জন্মদিন আজ। অন্তর্জালে অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন গভীর রাত থেকে। এ তো অন্তর্জালের খবর। কিন্তু সশরীরে-স্বহস্তে কী উপহার পেলেন?
মুঠোফোনে মঙ্গলবার সন্ধ্যায় তিশার কাছে এনটিভি অনলাইন জানতে চেয়েছিল, জন্মদিনে কী উপহার পেলেন? তাসনুভা তিশার উত্তর, ‘খুব সুন্দর সুন্দর ফুল উপহার পেয়েছি।’ এরপর ‘আর কী পেয়েছি’ বলে কিছুক্ষণ ভাবলেন। ভাবনা শেষে তিশার জবাব, ‘এখন পর্যন্ত পাওয়া শুরু করিনি... যা পেয়েছি গুড এনাফ, আমার কিছু লাগবে না।’
তিশা বেশ ব্যস্ত, বাইরে বের হবেন। সেজন্য তিশার কাছে ছোট করে জানতে চাওয়া, জন্মদিনে কী করলেন? তিশার ঝটপট উত্তর, ‘তেমন কিছু করিনি, পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি। বাকিটা আমার ফেসবুকে গেলেই দেখা যাবে।’
এ তো হলো জন্মদিনের কথা। কাজের প্রসঙ্গ তুললে তিশা জানালেন, ‘সিঙ্গেল নাটক করছি। গতকাল একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করলাম। আগামীতে ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু কাজের শুটিং শুরু হবে।’
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা তাসনুভা তিশা নাটক-বিজ্ঞাপনের পরিচিত মুখ। চলতি বছর ‘১৪ আগস্ট’ শিরোনামের ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় ছিলেন।

বিনোদন প্রতিবেদক