সজল-সারিকার ‘গেম অফ লাইফ’
ঢাকার পাশে আমিন বাজার সংলগ্ন এলাকায় আজ থেকে শুরু হয়েছে ‘গেম অফ লাইফ’ শিরোনামে একটি একক নাটকের শুটিং। শুটিংয়ে অংশ নিয়েছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখি, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
এক বিজ্ঞপ্তিতে নাটকটির নির্মাতা দীপু হাজরা জানিয়েছেন, আজ ও আগামীকাল নাটকটির শুটিং চলবে। জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটির শুটিং হচ্ছে।
নাটকটির গল্পে দেখা যাবে, আবির-শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিল। এক সকালে কুরিয়ারযোগে শৈলীর নামে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি, তার কোনো ঠিকানা নেই। আংটি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে, এটি শৈলীর পুরোনো প্রেমিক পাঠিয়েছে। অপরদিকে, নীরব অন্ধ। থাকে তাদের ওপরের তলায়। সে বিষয়টি সমাধান করতে আসে, তাতেও কোনো লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরোনো প্রেমিককে অনেক মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর ক্ষেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এভাবেই গল্পটি এগোয়।

বিনোদন ডেস্ক