‘তালাশ-এ অভিনয়ের প্রমাণ মিলবে : বিপাশা কবির
এবার যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন নায়িকা বিপাশা কবির। আগামী ১ জুলাই থেকে শুটিং শুরু হচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ ছবির। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন বাপ্পি, এ বি এম সুমন ও বিপাশা কবির।
গল্পে দেখা যাবে - স্মৃতিভ্রষ্ট এক নারীর চরিত্রে অভিনয় করছেন বিপাশা কবির। ছবিটিতে দেখা যাবে বিপাশা একটি ছোট শহরে আট বছরের মেয়েকে নিয়ে বাস করেন। আট বছর আগে গর্ভবতী অবস্থায় তাঁকে সমুদ্র তীরে পাওয়া যায়।
নিজের প্রকৃত নাম বা পূর্বের কোনো ঘটনা তাঁর মনে নেই। তাঁর নাম দেওয়া হয় সোনালি। নিজের অতীত জানতে বেশ কয়েকজন গোয়েন্দা নিয়োগ দেন তিনি। হঠাৎ একদিন এক সড়ক দুর্ঘটনায় পতিত হন সোনালি, দুর্ঘটনার পর তিনি আবিষ্কার করেন তাঁর ছুরি চালানোর অভিজ্ঞতা আছে। কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পান না তিনি। হঠাৎ এক আততায়ী সোনালিকে আক্রমণ করে। এই আততায়ী সোনালির চেহারা টিভি পর্দায় দেখে জেলখানা থেকে ফেরারি হয়েছে। তবে কে এই সোনালি? কী তাঁর অতীত? সোনালির এই অনুসন্ধান নিয়ে নির্মিত হবে ‘তালাশ’।
নায়িকা বিপাশা বলেন, ‘এই ছবিতে আমি অভিনয়ের প্রমাণ দেব। আইটেম গানে কাজ করছিলাম, তবে অভিনেত্রী হওয়াই ছিল আমার ইচ্ছা। এরই মধ্যে আমি কয়েকটি ছবিতেই নায়িকা হিসেবে কাজ করেছি। এই ছবির গল্পে আমার অভিনয় করার অনেক সুযোগ আছে । আমি মনে করি এটা আমার জন্য একটা সুযোগ। আর এই ধরনের সুযোগের অপেক্ষায় আমি ছিলাম অনেকদিন। আশা করি, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আমার অভিনয়ের যোগ্যতার প্রমাণ দেব।’
পরিচালক সৈকত নাসির বলেন, ‘ভিন্ন রকম একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে। একই সঙ্গে দর্শক প্রথমবার বাপ্পি ও এ বি এম সুমনকে এক সঙ্গে দেখতে পাবেন। তবে তাঁদের চরিত্র কেমন হবে সেটি এখনই বলছি না। তা ছাড়া দর্শক এই ছবিতে বিপাশা কবিরকে সম্পূর্ণ ভিন্নরূপে আবিষ্কার করবেন।’
তালাশের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ছবিটির শুটিং ১ জুলাই থেকে শুরু হয়ে চলবে ১২ জুলাই পর্যন্ত। আবার ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হয়ে ছবিটির শুটিং চলবে আগস্টের মাঝামাঝি পর্যন্ত।
সৈকত নাসির পরিচালিত প্রথম ছবি ‘দেশা- দ্য লিডার’গত বছর মুক্তি পায়। এ ছাড়া তিনি ‘পাষাণ’ নামে আরেকটি ছবির কাজ শুরু করবেন আগস্টে। এতে মাহিয়া মাহির অভিনয় করার কথা রয়েছে।

মাজহার বাবু