প্রেম-বিচ্ছেদের গল্পের নাটক ‘জীবন চুরি’
এফ এস নাঈম ও নাজিয়া হক অর্ষা দুজনই ছোট পর্দার ব্যস্ততম অভিনয়শিল্পী। তাঁদের অভিনীত ‘জীবন চুরি’ নাটকটি আজ শুক্রবার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।
মাহমুদ দিদারের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। নাটকটিতে আরো অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম, এ কে আজাদ সেতু প্রমুখ।
নাটকটিতে রুদ্র চরিত্রে নাঈম ও নাতাশা চরিত্রে অর্ষা অভিনয় করেছেন। নাটকটিতে তাঁরা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।
নাটকটির গল্পে দেখা যাবে, রুদ্র ও নাতাশা সুখী দম্পতি থাকে। একসময় তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদ হয় না।
নাটকের নাট্যকার মাহমুদ দিদার এনটিভি অনলাইনকে বলেন, ‘নাটকটি অনেক আগের লেখা। গল্পের পটভূমি সমসাময়িক। আমি নিজেও একজন পরিচালক। তবে আমি চেয়েছি, এই গল্প দিয়ে আশিক নাটকটা বানালে মন্দ হবে না। তাই আমি চিত্রনাট্যটা ওকে দিয়েছি। নাটকে অনেক মোড় আছে। বিচ্ছেদ চেয়েও কেন শেষ পর্যন্ত তা হয় না, এটাই নাটকের বড় চমক।’
মাহমুদ দিদার আরো বলেন, ‘আমাদের সমাজে এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে। বলতে পারেন, চারপাশের এ রকম পরিস্থিতি দেখে নাটকটি আমি লিখেছি। আশা করছি, নাটকটি দম্পতিদের অনেক ভালো লাগবে।’


ফিচার ডেস্ক