স্মৃতিকথা
স্বপ্ন কেবল ইচ্ছা প্রকাশ করলেই সত্যি হয় না : অনুপম খের
একটুখানি পেছনে ফিরে তাকালে ১৯৮১ সালের সেই দিনগুলোর কথা আজও চোখের সামনে ভেসে ওঠে। মুম্বাই নামের এই বিশাল ও অচেনা শহরে যখন প্রথম পা রেখেছিলাম, তখন পকেটে সম্বল বলতে ছিল বুকভরা স্বপ্ন আর মনে অগাধ বিশ্বাস, আর সঙ্গে ছিল মোটে একটা স্যুটকেস। বয়স তখন মাত্র ২৫, সিমলা থেকে আসা এক সাদাসিধে তরুণ।
অপরিচিত এই শহরটার গতি দেখে প্রথম প্রথম ঘাবড়ে যাওয়ার উপক্রম হতো। মনে হতো, এই বিশাল সমুদ্রের মাঝে এক ফোঁটা পানির মতো আমি কতটা তুচ্ছ! চারপাশের সবাই যেন বড্ড আত্মবিশ্বাসী, আর শহরের রাস্তাগুলো ছুটে চলেছে আমার স্বপ্নের চেয়েও বহুগুণ দ্রুত গতিতে। সেদিনের সেই সংগ্রামের দিনগুলোতে অদ্ভুত কিছু বা হীনম্মন্যতাও তাড়া করে বেড়াত। অল্প বয়সে চুল পেকে যাওয়া বা চুল পড়ে যাওয়ার মতো তুচ্ছ বিষয়গুলো নিয়ে তখন বেশ ভুগেছি। মনে একটা ছটফটানি কাজ করত লোকে কি আমার অভিনয় বা প্রতিভা দেখার আগে আমার মাথার এই চুল দেখবে? তবে সেই শঙ্কাগুলো যখনই মাথাচাড়া দিয়ে উঠত, নিজেকে একটাই কথা মনে করিয়ে শক্ত রাখতাম: আমি জানি আমার শিল্প কী, আমি আমার কাজটা ভালোভাবেই পারি। ন্যাশনাল স্কুল অব ড্রামা আমার ভেতরে বুঁদে দিয়েছিল সেই আত্মবিশ্বাস, আর জীবন আমাকে শিখিয়েছিল লড়াই করার তীব্র ক্ষুধা।
অনেকেই আমাকে প্রায়শই একটা প্রশ্ন করেন "তুমি কি আগে থেকেই জানতে যে তুমি সফল হবে?" আমার সহজ উত্তর, না, আমি জানতাম না। কিন্তু আমি এটুকু নিশ্চিতভাবে জানতাম যে, যাই হয়ে যাক না কেন, আমি চেষ্টা করা থামাবো না। কারণ স্বপ্ন তো আর নিছক ইচ্ছা প্রকাশ করলেই সত্যি হয় না। স্বপ্নকে সত্যি করতে হলে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়, পদে পদে প্রত্যাখ্যানের গ্লানি সইতে হয়, বুকের ভেতরের ভয়গুলোকে জোর করে চুপ করিয়ে রেখে বারবার ধূলিস্যাৎ হয়ে গিয়েও ফের ঘুরে দাঁড়াতে হয়। আপনি যদি নিজের স্বপ্নকে এক বিন্দুও অবিশ্বাস না করেন, তবে একসময় সেই স্বপ্নও নিজের থেকেই আপনাকে বিশ্বাস করতে শুরু করবে।
আজ জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে যখন ১৯৮১ সালের সেই কাঁচা বয়সের পোর্টফোলিওর ছবিগুলোর দিকে তাকাই, তখন আর কোনো স্ট্রাগল করা বা দিশেহারা তরুণকে দেখতে পাই না। উল্টো দেখতে পাই এমন এক তরুণকে, যে প্রতিকূলতার মাঝেও নিজের স্বপ্নের সঙ্গে এক চুলও আপস করেনি।
২৫ বছর আগের সেই ছেলেটার মুখোমুখি হলে আজ আমার তাকে জড়িয়ে ধরে কেবল একটাই কথা বলতে ইচ্ছে করে “হার না মানার জন্য তোকে অনেক ধন্যবাদ ”

বিনোদন ডেস্ক