সুরের জাদুতে ঢাকা মাতালেন আতিফ আসলাম
ঢাকার ভক্তদের সুরের জাদুতে মাতালেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়।
শুক্রবার আয়োজিত এই জমকালো কনসার্টে আতিফ আসলাম তাঁর জনপ্রিয় সব সুপারহিট গান পরিবেশন করে বৃষ্টিভেজা সন্ধ্যাকে রোমাঞ্চকর করে তোলেন। কনসার্ট শুরুর আগে ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ মঞ্চ মাতিয়ে তোলে। রাত ৮টা ৫২ মিনিটে আতিফ আসলাম মঞ্চে উঠলে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা।
‘ও লামহে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’ এবং ‘মাস্ত কালান্দার’-এর মতো জনপ্রিয় গানগুলোতে শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলান হাজারো সংগীতপ্রেমী।
এর আগে কনসার্টের আগের দিন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের গভীর ভালোবাসার কথা জানান এই শিল্পী। বাংলাদেশকে ‘দ্বিতীয় বাড়ি’ আখ্যা দিয়ে তিনি বলেন, এখানকার খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তাঁর ভীষণ প্রিয়। এছাড়া কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে তিনি সঠিক উচ্চারণ শিখে ভবিষ্যতে বাংলা গান গাওয়ারও ইচ্ছা প্রকাশ করেন।

বিনোদন ডেস্ক