মা দিবসের নাটকে সুবর্ণা মুস্তাফা
মা দিবস উপলক্ষে সুবর্ণা মুস্তাফা একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘বিকেল বেলার গল্প’। এতে সুবর্ণা মুস্তাফার বিপরীতে অভিনয় করেছেন তারিক আনাম খান।
আনিসুল হকের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।
নাটকটির গল্প প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। তাঁর গল্প নিয়ে মূলত নাটকটি এগিয়েছে। তারিক ভাই ও সুবর্ণা আপার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল। নাটকে তাঁরা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।’
নাটকে দেখা যাবে, সুবর্ণা মুস্তাফা একজন মা। যে মা কিছু নিয়ম মেনে চলতে চান। যেমন : খাওয়ার টেবিলে মোবাইল না ধরা, এ ধরনের অনেক নিয়মকানুন। এদিকে, স্বামী জীবিকার প্রয়োজনে কাজে ব্যস্ত হয়ে যান, যে কারণে সব মিলিয়ে জীবন থেকে আসল ম্যাজিকটা চলে যায়। সে ম্যাজিক ফেরত আনার জন্য সবাইকে একটি ধাক্কা দিতে মা বাড়ি থেকে একদিন বেরিয়ে যান। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
এ ছাড়া একজন প্রেমিকা যখন স্ত্রী হয়ে যায়, তখন প্রথমে প্রেম ঠিকই থাকে, কিন্তু একটা সময় ধীরে ধীরে জীবনযাত্রার মধ্যে এমন ব্যস্ত হয়ে যায় যে প্রেমিকরূপী স্বামী মানুষটির জীবনে তাঁর স্ত্রীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। এ বিষয়টিও নাটকটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নাটকটি আজ রোববার বিকেল ৫টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

ফিচার ডেস্ক