কত্থক শিখছেন আলিয়া ভাট!
পর্দায় নিজের চরিত্রের সঙ্গে কখনো আপস করতে চান না অভিনয়শিল্পীরা। তাঁরা চান, নিজের চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে। তাই তাঁরা নাচ, মারামারি, গান-বাজনা নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় বলিউডের টিনশেল তারকা আলিয়া ভাট নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে কত্থক নৃত্য শিখছেন। এমন খবর নিশ্চিত করেছে ফিল্মফেয়ার।
সম্প্রতি আলিয়া জয়া আখতারের নতুন ছবি ‘গালি বয়’তে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করবেন রণবীর সিং। বিশেষ সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, কত্থক নাচ শেখার জন্য একজন প্রশিক্ষকের কাছে নিয়মিত তালিম নিচ্ছেন আলিয়া। এক মাস ধরেই স্টুডিওতে গিয়ে নাচ শেখার কাজটি মনোযোগ দিয়ে করছেন তিনি। এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। এদিকে, কত্থক নাচের পাশাপাশি আলিয়া পিয়ানো বাজানো এবং রান্না করাও শিখছেন।
‘গালি বয়’ ছাড়াও আলিয়া ভাটকে ‘ড্রাগন’ নামে একটি ছবিতে দেখা যাবে। অয়ন মুখার্জি পরিচালিত ছবিটিতে তাঁর বিপরীতে থাকবেন রণবীর কাপুর।

বিনোদন ডেস্ক