ঈদের প্রথম দিন এনটিভির আয়োজন
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই হাসিখুশি মাখা উৎসবে এনটিভিতে থাকবে টানা সাতদিনের আয়োজন। এ সময়টায় মানুষের হাতে কাজ কম থাকে, অনেকের থাকে ছুটি, তাই তালিকা করে অনেকেই বসে যান টেলিভিশেনর সামনে। চলুন দেখে নেই ঈদের প্রথম দিন কী থাকছে এনটিভির আয়োজনে।
বিশেষ টেলিফিল্ম : ‘দ্য পেইন্টার’
দুপুর ২ টা ২০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘দ্য পেইন্টার’। শীবু কুমার শীলের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। এতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও ভারতের অভিনেত্রী কনিকা ব্যানার্জি প্রমুখ।
টেলিফিল্মের গল্পে দেখানো হবে, এক সময়ের সাড়া জাগানো আর্টিস্ট হাসান কবির অনেক বছর ধরে কোনো ছবি আঁকেননি। ২৫ বছর আগে একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে তার একটি ছবি প্রথম স্থান অধিকার করার পরে একজন বিদেশি খুব চড়া দামে ছবিটি কিনে নিয়ে যায়। আর তারপর থেকেই হাসান আড়ালে চলে যায়। অন্যদিকে, তনু একটি সংবাদপত্রে কাজ করে। তার ওপরই দায়িত্ব পড়ে হাসান কবীরের নিঃসঙ্গ ও রহস্যময় জীবন নিয়ে একটি ধারাবাহিক ফিচারের। বেশকিছুদিন ঘোরাঘুড়ি করে অবশেষে এক বৃষ্টির দিনে তনু দেখা পায় হাসানের। তনুকে একটি শর্ত দিয়ে সাক্ষাৎকার দিতে রাজি হয়ে যায় হাসান কবীর। কী সেই শর্ত আর কেনই বা এই রহস্য!’
বিশেষ সঙ্গীতানুষ্ঠান : জেমসের সঙ্গে কিছুক্ষণ
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘জেমসের সঙ্গে কিছুক্ষণ’। কাজী মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ নূরুজ্জামানের যৌথ প্রযোজনায় এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে সঙ্গীতশিল্পী জেমসের জনপ্রিয় গানগুলো দিয়ে।
৭ পর্বের ধারাবাহিক রূপকথার গল্প : ডালিমকুমার
সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক রূপকথার গল্প ‘ডালিমকুমারে’র প্রথম পর্ব। এর চিত্রনাট্য ও পরিকল্পনা করেছেন এস এম সালাহউদ্দিন। এ আর বেলালের পরিচালনায় নাটকটির পর্ব পরিচালনা করেছেন এ টি এম মাকসুদুল হক। অভিনয় করেছেন তানভীর খান, তানজিন তিশা, অভিক রায়হান, এস ডি তন্ময়, সায়েদা শিলা, পলাশ, তানিয়া প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, এক দেশে ছিল এক দুঃখী রাজা। তার কোনো সন্তান ছিল না। একদিন রাজা এক কচ্ছপকে ফাঁদ থেকে বাঁচায়। পরী রানী জীবের প্রতি রাজার এই মহানুভবতা দেখে একটা ফল উপহার দিয়ে তিন রানীকে তিন অংশ খাওয়াতে বলে। তারপর ছোট রানির কোলজুড়ে আসে এক সৌভাগ্যবান ফুটফুটে কন্যাসন্তান। ধবল রাজ্যের রাজা-দানব রাজের চোখ পড়ে হুররে সানজানার ওপর। সে বহু বছর ধরে যজ্ঞ সাধনা করছিল তার অমরত্ব লাভের জন্য। মহাপূর্ণিমা রাতে যদি সে ১৮ বছর বয়সের কোনো রাজ কুমারিকে গ্রহণ করে তবেই তার অমরত্ব লাভ হবে। একদিন সে তার উদ্দেশ্য হাসিলের জন্য রাজকুমারীর বয়স ১৮ হওয়ার আগেই তাকে তুলে নিয়ে যায়। রাজকুমারিকে কোনোভাবেই কেউ উদ্ধার করতে পারছিল না। ঠিক তখন রাজকুমারী সানজানাকে উদ্ধার করতে ছুটে আসে আলী সান রাজ্যের মহাবীর যুবরাজ ডালিমকুমার।
৭ পর্বের ধারাবাহিক নাটক : একটি পারিবারিক প্রেম কাহিনী
সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘একটি পারিবারিক প্রেম কাহিনী’র প্রথম পর্ব। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, মিশু সাব্বির, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, জর্জ, আহসানুল হক মিনু, সোহেল খান, বৃষ্টি প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, দীপু তার দলবল নিয়ে নায়লাদের বাসায় এসেছে বাড়িটি দখল করবে বলে। শহরের এক নাম্বার সন্ত্রাসী খান তাকে এই কাজ দিয়েছে। নায়লার বাবা বাসায় ছিল না, তবুও সে উপায় না দেখে বাড়ি ছাড়তে রাজি হয়, তবে সে সাতদিন সময় চায়। সাতদিনের নোটিশ দিয়ে চলে যায় দীপু। বাসায় ফিরেই দীপু তার বাবার সামনে পড়ে। বাবার সামনে সে ভদ্র ও বিনয়ী। বাবা ঘোষণা দেয়, সে আজই দীপুর জন্য মেয়ে দেখতে যাবে। বাধ্য ছেলের মতো দীপু বাবার সঙ্গে মেয়ের বাড়ি যায়, যে বাড়িতে সে আজ সকালে গুন্ডা পান্ডা নিয়ে এসেছিল!
ভালোবাসার কবিতা উৎসব : ১৩৩৩
রাত ৮ টা ৫ মিনিটে প্রচারিত হবে ভালোবাসার কবিতা উৎসব শিরোনামের বিশেষ নাটক ‘১৩৩৩’। জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।
এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, শফিক গণিতবিদ। কক্সবাজারের আবহাওয়া অফিসে ছোট একটা চাকরি করে। দীর্ঘদিন ধরে কাজ করছে অভিকর্ষ তরঙ্গ নিয়ে। শফিক মনে করে সে একটা গুরুত্বপূর্ণ সাফল্যের দোরগোড়ায়। এমন সময় তার সঙ্গে দেখা হয় সুজাতার। কিছুদিন বেশ কাটে সুজাতার সঙ্গে। কিন্তু একদিন বিচ্ছেদের বেলা আসে। সুজাতাকে চলে যেতে হয়। শফিক আবারও একা হয়। কিন্তু একদিন হঠাৎ সুজাতা আবার ফিরে আসে নতুনভাবে।
ক্রিকেট নিয়ে সেলিব্রেটি শো : খেলা খেলা সারাবেলা
রাত ৯ টা ৫ মিনিটে প্রচারিত হবে ক্রিকেট নিয়ে সেলিব্রেটি শো ‘খেলা খেলা সারাবেলা’র প্রথম পর্ব। তৌহিদা শ্রাবণ্যর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নুরুজ্জামান। দেশের জনপ্রিয় দুজন ক্রিকেটার সৌম্য সরকার ও তাসকিন আহমেদ এবং জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নুর ও আমব্রিনকে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে তুলে ধরা হয়েছে ক্রিকেটাদের মাঠের ও মাঠের বাহিরের নানা বিষয় এবং উপস্থাপকদের ক্রিকেট নিয়ে উপস্থাপনার মজার মজার অভিজ্ঞতার কথা। একজন বোলার হিসেবে তাসকিন একজন ব্যাটসম্যনকে কীভাবে মোকাবিলা করেন অথবা সৌম্য সরকার একজন ব্যাটসম্যান হিসেবে একজন বোলারকে কীভাবে মোকাবিলা করেন। মাঠের বাইরে ভক্তদের কীভাবে মোকাবিলা করেন। একইভাবে উপস্থাপদের ক্ষেত্রেও অনেক মজার মজার বিষয় তুলে ধরা হয়েছে।
৭ পর্বের ধারাবাহিক নাটক : আল্টিমেটাম
রাত ৯ টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘আল্টিমেটামে’র প্রথম পর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, আব্দুল্লাহ রানা, শর্মিমালা, রিফাত চৌধুরী, মুকুল সিরাজ, সিফাত শাহীন প্রমুখ।
অপ্রিয় সত্য কথা বলার জন্য লোকমান হাকিমের চাকরি চলে গেছে। ভান ধরতে না পারার কারণে ব্যবসা-বাণিজ্য কোনো কিছুতেই সে সফল হতে পারেনি। লোকমান হাকিমের চলাফেরায়, আচার-আচরণে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এমনকি নিজের স্ত্রী পর্যন্ত মহাবিরক্ত। স্ত্রী আকলিমা এবার সিদ্ধান্ত নিয়েছে, এভাবে আর সংসার করবে না। পারিবারিক সভা বসে। লোকমান হাকিমকে আলটিমেটাম দেওয়া হয়। লোকমান হাকিম ভালো মানুষ কিন্তু এত বোকা হলে তো চলবে না। বউ তাকে চালাক হওয়ার ট্রেনিং দেয়। লোকমান হাকিম কি শেষবারের সুযোগটি কাজে লাগাতে পারবে? ভালো মানুষ যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আকলিমা কি সেটা জানে না?
বিশেষ নাটক : লাইফ ইজ কালারফুল
রাত ১১ টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘লাইফ ইজ কালারফুল’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আশনা হাবিব ভাবনা, মাসুদ হারুন প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, হাসিখুশি সহজ সরল বেলায়েত বিকেলবেলা কক্সবাজার সৈকতে ছবি তুলে টাকা উপার্জন করে। একদিন ছবি তুলতে গিয়ে দেখে দূরে একটা মেয়ে চুপ হয়ে বসে আছে, নাম নীলাঞ্জনা। বেলায়েত তার কাছে গিয়ে হাসি মুখে ছবি তোলার কথা বললে নীলাঞ্জনা ছোট্ট করে একটা হাসি দিয়ে না বলে দেয়। এভাবে দ্বিতীয় দিনও সে যায়। তৃতীয় দিনে নীলাঞ্জনা বেলায়েতের কাছে জানতে চায়, আপনি কি ছবি তুলে মানুষের জীবন বদলে দিতে পারেন। বেলায়েত বলে, ‘লাইফ ইজ নট বিউটিফুল, লাইফ ইজ কালারফুল।’

ফিচার ডেস্ক