মেয়েভক্তরা ‘ম্যারি মি’ বললে লজ্জা পান তাসকিন
আমব্রিন, মারিয়া নূর ও তৌহিদা শ্রাবণ্য—তাঁরা তিনজনই দেশের জনপ্রিয় উপস্থাপক। ‘খেলা খেলা সারাবেলা’ শিরোনামে একটি অনুষ্ঠানে তাঁদের তিনজনকেই একসঙ্গে দেখা যাবে।
এ ছাড়া বড় চমক হলো, ক্রিকেটার তাসকিন আহমেদ ও সৌম্য সরকারও অনুষ্ঠানটিতে অতিথি হয়ে এসেছেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ ঈদের দিন এনটিভিতে রাত ৯টায় প্রচারিত হবে। দ্বিতীয় পর্বটি আগামীকাল মঙ্গলবার একই সময়ে প্রচার করা হবে বলে জানান প্রযোজক নুরুজ্জামান।
এনটিভি অনলাইনকে মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘অনুষ্ঠানের একপর্যায়ে মারিয়া নূর তাসকিনকে প্রশ্ন করেছিলেন, কোনো মেয়েভক্ত ম্যারি মি বললে তাসকিনের কেমন লাগে? উত্তরে তাসকিন বলেছেন, তিনি এমন প্রশ্নের মুখোমুখি হলে খুব লজ্জা পান।
অন্যদিকে, মারিয়াকে তাসকিন প্রশ্ন করেছিলেন, ছোটবেলা থেকে তিনি ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হতে চেয়েছিলেন কি না! উত্তরটা এখন না বলি। আশা করছি, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
মোহাম্মদ নুরুজ্জামান আরো বলেন, ‘অনুষ্ঠানে সৌম্য সরকার আমব্রিনকে জিজ্ঞাসা করেন, মাঠে বড় কোনো ক্রিকেট তারকার সাক্ষাৎকার নিতে তিনি কখনো নার্ভাস ফিল করেছেন কি না! উত্তরে আমব্রিন বলেন, তাঁর প্রিয় ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি নাভার্স ফিল করেননি, কিন্তু নেওয়ার পর তিনি খুব ঘাবড়ে গিয়েছিলেন।’
এ ছাড়া পুরো অনুষ্ঠানে শ্রাবণ্যের করা অনেক মজার মজার প্রশ্নের উত্তর দিয়েছেন সৌম্য, তাসকিন, মারিয়া নূর ও আমব্রিন।
প্রথমবারের মতো তিন উপস্থাপকের সঙ্গে টিভি অনুষ্ঠানের আড্ডা বেশ উপভোগ করেছেন বলে জানান সৌম্য সরকার।
প্রিয় তারকা ক্রিকেটার ও সহশিল্পীর সঙ্গে উপস্থাপনা করে বেশ উচ্ছ্বসিত শ্রাবণ্য। অনুষ্ঠানটি দর্শক অনেক ভালোভাবে গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নাইস নূর