সালমান শাহর ছবির গান গাইলেন অপু-মিলন
অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন দুজনেই অভিনয়শিল্পী। এবার ঈদের একটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে গান গাইতে দেখা যাবে। অনুষ্ঠানের নাম ‘সিনেমাওয়ালা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন।
অনুষ্ঠানের একপর্যায়ে অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলনকে মুনমুন তাঁদের পছন্দের গান গাইতে বলেন। এরপর অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন তাঁদের দুজনের পছন্দের নায়ক সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির একটি গানের কিছু অংশ গেয়ে শোনান। গানটির শিরোনাম হলো ‘এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার’।
আনিসুর রহমান মিলন বলেন, ‘মুনমুনের কারণে অপু আর আমি একসঙ্গে পছন্দের একটা গান গেয়েছি। আমরা দুজনই এই গানটা গাইতে জানতাম। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে অনেক ভালো লেগেছে। অনেক মজা করে আড্ডা দিয়েছি আমরা।’

অন্যদিকে অপু বিশ্বাস বলেন, ‘অনুষ্ঠানের শুটিং অনেক ভালো হয়েছে। টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বরাবর আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করছি, এই অনুষ্ঠানে আমাদের আড্ডা দর্শক উপভোগ করবেন।’
উপস্থাপক মুনমুন বলেন, ‘চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে আমি খুব কম অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এই অনুষ্ঠানের কাজের অভিজ্ঞতা ভালো। শুটিং চমৎকার হয়েছে। সিনেমার আলাপ ছাড়াও অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি।’
এই ঈদে বুলবুল বিশ্বাস পরিচালিত শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পেয়েছে। অনুষ্ঠানটিতে ‘রাজনীতি’ ছবির অনেক বিষয় নিয়ে আলাপ করেছেন অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।
হুমায়ূন ফরিদের প্রযোজনায় ‘সিনেমাওয়ালা’ অনুষ্ঠানটি ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

নাইস নূর