ঈদের চতুর্থ দিনে এনটিভির আয়োজন
ঈদ উপলক্ষে এনটিভিতে থাকবে টানা সাতদিনের আয়োজন। আগামীকাল বৃহস্পতিবার ঈদের চতুর্থ দিনে এনটিভিতে বিশেষ নাটক ছাড়াও প্রচারিত হবে বিশিষ্ট তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘দ্য লিজেন্ড’। চলুন দেখে নিই, ঈদের চতুর্থ দিনে আরো কী থাকছে এনটিভির আয়োজনে।
বিশেষ টেলিফিল্ম : ম্যানিকুইন মুমু
দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ম্যানিকুইন মুমু’। শিহাব শাহীনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, জাকিয়া বারী মম, আলিফ, সুষমা সরকার, মঞ্জুরুল করিম প্রমুখ।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, মুমু আর সজলের প্রথম দেখা হয় ঢাকার বাইরে একটা রিসোর্টে বেড়াতে গিয়ে। মুমু গিয়েছিল তার ডিপার্টমেন্টের একটা টিমের সঙ্গে, আর সজল এসেছিল সদ্য যোগ দেওয়া অফিসের কলিগদের সঙ্গে। মাঝরাতে সজলের ক্ষিধে পেলে দেখে সব বন্ধ। আলো-আঁধারি রিসোর্ট ক্যান্টিনের জানালা টপকে একপাশ থেকে ফ্রিজের দরজা খুলতে হ্যান্ডেলে হাত দিতে গিয়ে কারো হাতের ছোঁয়ায় একটি মেয়ে চিৎকার দিয়ে ওঠে। চমকে ওঠে সজল। আলো জ্বলতেই দেখা যায় মুমুকে।
বিশেষ নৃত্যানুষ্ঠান : যুগপৎ
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘যুগপৎ’। পারিহা লিমার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ওয়াসেক, বেবী, তানজিন, রেসি, সুপ্রিয়া ও ইমি।
আমাদের দেশে নৃত্যের অনেক প্রশিক্ষক আছেন, যাঁরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। নৃত্য প্রশিক্ষক ও শিক্ষার্থী নিয়ে নৃত্যানুষ্ঠান যুগপৎ। এই অনুষ্ঠানে মোট তিনটি গানের নৃত্য থাকবে, নৃত্যের পাশাপাশি থাকবে আড্ডা। যেখানে তুলে ধরা হয়েছে প্রথম নৃত্য ক্লাস থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া নানা ঘটনা এবং শিক্ষক হয়ে প্রথম ক্লাস নেওয়ার অভিজ্ঞতা।
৭ পর্বের ধারাবাহিক রূপকথার গল্প : ডালিম কুমার
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক রূপকথার গল্প ‘ডালিম কুমার’-এর চতুর্থ পর্ব। চিত্রনাট্য ও পরিকল্পনা করেছেন এস এম সালাহউদ্দিন। এ আর বেলালের পরিচালনায় নাটকটির পর্ব পরিচালনা করেছেন এ টি এম মাকসুদুল হক। এতে অভিনয় করেছেন তানভীর খান, তানজিন তিশা, অভিক রায়হান, এস ডি তন্ময়, সায়েদা শিলা, পলাশ, তানিয়া প্রমুখ।
৭ পর্বের ধারাবাহিক নাটক : একটি পারিবারিক প্রেম কাহিনী
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘একটি পারিবারিক প্রেম কাহিনী’র চতুর্থ পর্ব। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, মিশু সাব্বির, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, জর্জ, আহসানুল হক মিনু, সোহেল খান, বৃষ্টি প্রমুখ।
ভালোবাসার কবিতা উৎসব : কথোপকথন
রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে ভালোবাসার কবিতা উৎসব শিরোনামের বিশেষ নাটক ‘কথোপকথন’। পূর্ণেন্দু পত্রী’র কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এতে অভিনয় করেছেন ইমন, মৌটুসী বিশ্বাস, আশিক মনির, এ টি এম রাসেল প্রমুখ।
বিশেষ অনুষ্ঠান : দ্য লিজেন্ড
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘দ্য লিজেন্ড’। নাবিলার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন চিত্রনায়ক আলমগীর। আলোচনা করেছেন তাঁর অভিনয় জীবনের নানা দিক নিয়ে। পাশাপাশি তিনি শুনতে চেয়েছেন তাঁর পছন্দের গানগুলো। আর সেই গানগুলো পরিবেশন করেছেন শিল্পী মুহিন ও সিঁথি সাহা।
৭ পর্বের ধারাবাহিক নাটক : আলটিমেটাম
রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘আলটিমেটাম’-এর চতুর্থ পর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, আবদুল্লাহ রানা, শর্মীমালা, রিফাত চৌধুরী, মুকুল সিরাজ, সিফাত শাহীন প্রমুখ।
বিশেষ নাটক : বুবুনের হানিমুন
রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বুবুনের হানিমুন’। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, ভাবনা, হারুন মাসুদ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, বুবুন তার নববধূকে নিয়ে কক্সবাজার যাচ্ছে হানিমুন করার জন্য। শুধু স্ত্রীই নয়, সঙ্গে আছে বুবুনের বাবা, মা, কাজের লোক এবং মামা। বাসে স্বভাবতই বুবুনের বসা উচিত তার স্ত্রীর পাশে কিন্তু সে এসে বসে তার মায়ের পাশে। বাস এগোতে থাকে আর মাতৃভক্ত বুবুন একের পর এক ঘটনা ঘটাতে থাকে। অবশেষে বাস গিয়ে পৌঁছায় কক্সবাজারে। বুবুনের এই অসহ্য বোকামিতে ত্যক্ত বিরক্ত তার সদ্য বিবাহিত স্ত্রী নীতু। সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো লেগে আছে তার মা।

ফিচার ডেস্ক