না ফেরার দেশে ‘জুরাসিক পার্ক’ তারকা
হলিউডের খ্যাতিমান অভিনেতা স্যাম নিল আর নেই। সোমবার (১৩ জুলাই) ৭৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন নিউজিল্যান্ডে জন্ম নেওয়া এই তারকা। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার।
পরিবারের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে স্বজনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই মৃত্যুবরণ করেন স্যাম নিল। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও এটিকে আকস্মিক মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পরিবার জানিয়েছে, মৃত্যুর সময় তিনি ক্যানসারমুক্ত ছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে ‘জুরাসিক পার্ক’, ‘দ্য পিয়ানো’ এবং ‘পিকি ব্লাইন্ডার্স’-সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের ভালোবাসা অর্জন করেন স্যাম নিল।
২০২৩ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনী *‘ডিড আই এভার টেল ইউ অ্যাবাউট দিস?’*-এ অভিনেতা জানিয়েছিলেন, ২০২২ সালে তাঁর বিরল ধরনের রক্তের ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর রোগটি নিয়ন্ত্রণে এলেও তাঁকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছিল।
স্যাম নিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এক শোকবার্তায় তিনি বলেন, স্যাম নিল অসংখ্য স্মরণীয় অস্ট্রেলীয় গল্পের অংশ ছিলেন। তাঁর অসাধারণ অভিনয়, রসবোধ এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব দর্শকের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

বিনোদন ডেস্ক