নওয়াজউদ্দিন, এক তারকার উত্থান
বলিউডে ভিন্নধারার অভিনয়ক্ষমতার জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকীর দারুণ সুনাম। অনেকে তাঁকে এ সময়ের সেরা মেথড অ্যাক্টরও বলছেন। ‘কাহানি’ ছবিতে পুলিশের ডাকসাইটে বড় কর্তা ‘খান’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’-র গুন্ডা ফয়জল, আবার একেবারেই ‘কিক’-এর মতো বাণিজ্যিক ছবির অভিনেতা। নওয়াজউদ্দিনের এই উত্থান বিস্ময়কর। এমনকি তিনি নিজেও এই সাফল্যের আশা করেননি কখনো।
ক্যারিয়ারের প্রথমদিকে চেষ্টা করেছিলেন টেলিভিশনে অভিনয় করার। সেই সুযোগ মেলেনি। এ কারণে জীবিকার তাগিদে কাজ করেছেন সি-গ্রেডের অজস্র ছবিতে। এনডিটিভিকে বলেছেন জীবনের সেই সময়কার কথা। টেলিভিশনে কাজ করার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে যখন তিনি মুম্বাইয়ে এসেছিলেন।
‘আমি এখানে (মুম্বাই) বলিউডের অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে আসিনি। টিভিতে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু আমাকে কেউ সুযোগ দেয়নি। কাজেই আমি সি-গ্রেড ছবিতে কাজ শুরু করি। প্রায় পাঁচ-ছয় বছর সি-গ্রেড ছবিতে কাজ করেছি। একই সঙ্গে কয়েকটা ছবিতে এক কি দুই দৃশ্যে কাজ করার সুযোগ পেয়েছি। আমি বড় কিছুর স্বপ্নই দেখিনি।’ ‘সারফারোশ’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ ছবিতে সামান্য কিছু দৃশ্যে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন নওয়াজউদ্দিন।
তবে সেসব এখন নেহাতই অতীত। বলিউডের শক্তিশালী অভিনেতা ধরা হয় এখন তাঁকে। প্রশংসা পাওয়ার মতো কাজ করেছেন ‘কাহানি’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘তালাশ’, ‘বদলাপুর’ ছবিতে। দর্শকের প্রশংসায় খুশি তিনি।
‘মানুষ আমার কাজকে স্বীকৃতি দিচ্ছে। আমি খুবই খুশি। বিভিন্ন চরিত্রের মধ্যে আমি জীবন ফুটিয়ে তুলতে চাই’, জানিয়েছেন নওয়াজউদ্দিন।
সালমান খানের সঙ্গে ‘কিক’-এ দ্বিতীয়বার কাজ করেছেন এই ৪১ বছর বয়স্ক অভিনেতা। বহুল প্রতীক্ষিত ‘বজরঙ্গি ভাইজান’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। আর মাত্র একদিন পর অর্থাৎ ১৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। স্বাভাবিকভাবেই এ ছবি নিয়ে দারুণ আশাবাদী তিনি।
একই সঙ্গে, তার নতুন ছবি ‘মাঝি : দ্য মাউন্টেনম্যান’-এর ট্রেলার এরই মধ্যে মুক্তি পেয়েছে। ‘মাউন্টেনম্যান’ হিসেবে পরিচিত দশরথ মাঝির জীবন নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এ ছবিতে নওয়াজের বিপরীতে রয়েছেন আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্টে। ছবিটি পরিচালনা করেছেন কেতন মেহতা।

সামি আল মেহেদী