সবচেয়ে বড় পোস্টারের রেকর্ড গড়ল ‘বাহুবলি’
ছবিটি যেন করাই হয়েছে রেকর্ডবুকের পৃষ্ঠা ভরার জন্য। সবচেয়ে বেশি বাজেটের ভারতীয় ছবির রেকর্ড গড়েছে এরই মধ্যে। এবার সবচেয়ে বড় পোস্টারের রেকর্ডও বগলদাবা করেছে ‘বাহুবলি’। আর ছবিটির আয় যে কোথায় গিয়ে থামবে, সেটা এখনো ঠিক করে বলা যাচ্ছে না!
এস এস রাজমৌলি পরিচালিত ‘বাহুবলি’ ছবির একটি পোস্টার বিশ্বের সবচেয়ে বড় পোস্টারের স্বীকৃতি পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে। নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে গিনেস রেকর্ড কর্তৃপক্ষ।
‘বাহুবলি’র এই পোস্টারের আকার ৫০ হাজার স্কয়ার ফুট! ভারতের কোচি এলাকার গ্লোবাল ইউনাইটেড মিডিয়া কোম্পানি প্রাইভেট লিমিটেড পাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পোস্টারের মালিকানা ও স্বীকৃতি।
এই প্রাপ্তি সম্পর্কে ছবির পরিচালক রাজমৌলি নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘এখন এটা স্বীকৃত! প্রেম মেনন ও গ্লোবাল ইউনাইটেড মিডিয়া টিমকে অভিনন্দন।’
চারটি ভাষায় ডাবিং করা হয়েছে ছবিটি। ১০ জুলাই মুক্তি পেয়ে প্রথম দিনই ছবিটি আয় করে ৫০ কোটি রুপি। এ বছরে এটাই কোনো ভারতীয় ছবির সেরা ওপেনিং।
ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবাতি ও তামান্না ভাটিয়া। ছবিটির হিন্দি সংস্করণ পরিবেশনার দায়িত্ব নিয়েছে পরিচালক প্রযোজক ও অভিনেতা করণ জোহরের প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন্স।
বাহুবলি ছবির ট্রেইলার

ফাহিম ইবনে সারওয়ার