২৫ জুন আসছে ‘হেডলাইন’ : অপূর্ব-ইয়াশ-বিন্দু-সারিকাকে নিয়ে রহস্যের গল্প
ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’। সালেহ সোবহান অনীম পরিচালিত সিরিজটি আগামী ২৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে শুধু হইচই-তেই।
আজ সকালে হইচই বাংলাদেশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় সিরিজটির একটি পোস্টার। সেখানে দেখা যায় ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরিহিত জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহানকে। তাদের চোখেমুখে ধরা পড়ে এক গভীর তীক্ষ্ণতা—যেন কোনো গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা।
পোস্টারের ভিজ্যুয়ালে এই দুই চরিত্রকে দেখা যায় পুরনো খবরের কাগজের স্তূপ ভেদ করে এগিয়ে যেতে। যা ইঙ্গিত দেয়, তারা কোনো চাপা পড়ে থাকা চাঞ্চল্যকর ঘটনার গভীরে প্রবেশ করছে। চারপাশের পুরনো খবরের কাগজ, গাঢ় রঙ ও রহস্যময় দৃষ্টি মিলিয়ে তৈরি হয়েছে এক অনুসন্ধানী আবহ, যা দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে তোলে—আসল ‘হেডলাইন’-এর পেছনের গল্প কী?
সিরিজটিতে অপূর্ব ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যা সহ আরও অনেকে।
পরিচালক সালেহ সোবহান অনীম সিরিজটি নিয়ে বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যেরকম গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের, আমরা ঠিক সেই ধরণের গল্প আপনাদের জন্য করেছি। আর ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’
আগামী ২৫ জুন সিরিজটি বিশ্বব্যাপী মুক্তি পাবে শুধু হইচই প্ল্যাটফর্মে। ‘হেডলাইন’ নিয়ে আরও বিস্তারিত জানতে চোখ রাখতে বলা হয়েছে হইচই বাংলাদেশের অফিসিয়াল সামাজিক মাধ্যমগুলোতে।

বিনোদন ডেস্ক