এনটিভিতে লাফটার শো ‘১৩নং বোর্ডিং’
এনটিভিতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে সেলিব্রেটি লাফটার শো ‘১৩নং বোর্ডিং’। অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে। মূলত হাসির বিনোদনমূলক অনুষ্ঠান এটি।
অনুষ্ঠানের প্রথম পর্বে সেলিব্রেটি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দীন লাভলু। অনুষ্ঠানের গেস্ট হাউজে একজন ম্যানেজার থাকবেন। মূলত তিনি অনুষ্ঠানের উপস্থাপক। উপস্থাপকের ভূমিকায় থাকবেন প্রাণ রায়। ম্যানেজারের সহযোগী হিসেবে উপস্থিত থাকবেন স্বাগতা। এ ছাড়া থাকবেন একজন গেট কিপার ও বয়।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। অনুষ্ঠানটিতে এক বা একাধিক সেলিব্রেটি অতিথির সাথে হাস্য-রসাত্মক, নাটকীয় ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কয়েকটি চরিত্রের আগমন ঘটবে। সেলিব্রেটি আড্ডা অনুষ্ঠানের গতানুগতিকতার বাইরে এই লাফটার শো।
গেস্ট হাউজে সাধারণত নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণির অতিথির আগমন ঘটে। এই অনুষ্ঠানের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রতি পর্বে নতুন নতুন অতিথির আগমনের সাথে গেস্ট হাউজের স্থায়ী চরিত্রগুলোর ভিন্ন ভিন্ন নাটকীয় কাহিনীর অবতারণা হবে এবং কাহিনীর সূত্রধরে আড্ডাবাজি চলতে থাকবে। প্রতি পর্বে যেকোনো শ্রেণি-পেশার এক বা একাধিক সেলিব্রেটি অতিথির আগমন হবে।

ফিচার ডেস্ক