ডিপ্রেশন অনেক বড় একটি সমস্যা : দীপিকা
নিজের ডিপ্রেশনের কথা সরাসরি গণমাধ্যমের সামনে বলে তোলপাড় লাগিয়ে দিয়েছিলেন দীপিকা। বলিউডি গণমাধ্যম থেকে শুরু করে শীর্ষ পর্যায়েও বিস্তর আলোচনা হয়েছে এ নিয়ে। নিজের অলাভজনক সেবা সংস্থা ‘দ্য লাইভ লাভ লাফ’ ফাউন্ডেশনের ঘোষণা কয়েক দিন আগে আবার দিয়েছেন এই অভিনেত্রী। সঙ্গে আবারো এ বিষয়ে ব্যক্ত করেছেন তাঁর নিজস্ব মতামত, জানা গেল এনডিটিভির খবরে।
দীপিকা মনে করেন, ডিপ্রেশন অনেক বড় একটি স্বাস্থ্য-সংক্রান্ত ইস্যু। এ বিষয়ে সবারই গুরুত্ব দিয়ে ভাবনা-চিন্তা করা উচিত।
‘ডিপ্রেশনের সঙ্গে লড়াই অনেক গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যগত ইস্যু। আমি নিজে এটা টের পেয়েছি। আমার মনে হয়, দেশের সবারই এখন এ বিষয় নিয়ে ভাবা উচিত। আমি নিজে জানি, সমস্যাটি বুঝে ওঠা কতটা কঠিন। এ বিষয়ে তথ্য পাওয়া কত কঠিন কিংবা পেশাদারি মানুষের সাহায্য পাওয়াও কত দুরূহ,’ বলেন দীপিকা।
টুইটারে তিনি জানিয়েছেন, শিগগিরই আসছে তাঁর অলাভজনক প্রতিষ্ঠান ‘দ্য লাইভ লাভ লাফ’। মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করবে এটি। ফাউন্ডেশনের লোগো তৈরি করা হয়েছে আশা ও স্বাধীনতার প্রতীকীরূপে। টুইটারে লোগোটি পোস্ট করেছেন দীপিকা এরই মধ্যে। তাঁর কথা, ‘আমি যেমন সাহায্য পেয়েছি, এই ফাউন্ডেশনও ডিপ্রেশনের সমস্যায় সবাইকে সেভাবে সাহায্যের চেষ্টা করবে। সে জন্য আমি ও আমার দলের অন্যরা অনেক খাটাখাটনিও করছি।’
ডিপ্রেশন নিয়ে নিজের অভিজ্ঞতা আর লড়াইয়ের সঙ্গে সঙ্গে এই ফাউন্ডেশনের কথা আগেই জানিয়েছিলেন দীপিকা। এনডিটিভির আলোচিত সাংবাদিক বরখা দত্তের সঙ্গে সাক্ষাৎকারে এ নিয়ে সবকিছুই বলেন তিনি। সাক্ষাৎকারটি আলোড়ন সৃষ্টি করেছিল সে সময়।

সামি আল মেহেদী