মুক্তির অপেক্ষায় ‘দ্য স্টোরি অব সামারা’
রিকিয়া মাসুদো পরিচালিত ‘দ্য স্টোরি অব সামারা’ ছবির সাড়ে তিন মিনিটের ট্রেলার প্রকাশ পেয়েছে গতকাল বুধবার। আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সায়েন্স ফিকশনধর্মী ছবিটি। এরই মধ্যে দর্শকের মাঝে আগ্রহ তৈরি হয়েছে ছবিটি নিয়ে।
প্রচলিত প্রেমকাহিনীর বাইরে নির্মাণ করা হয়েছে ঢাকাই চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’। জাপানপ্রবাসী রিকিয়া মাসুদো পরিচালিত এই ছবিই এ দেশের প্রথম সায়েন্স ফিকশন হরর চলচ্চিত্র।
‘দ্য স্টোরি অব সামারা’ ছবিতে দেখা যাবে, অশুভ শক্তির কবলে পড়া একটি গ্রহ সামারাকে উদ্ধারের চেষ্টা করছেন বাংলাদেশের পাঁচ তরুণ-তরুণী। ভিনগ্রহ সামারার রাজজ্যোতিষী গণনা করে দেখেন, এঁরাই পারবেন গ্রহটিকে বাঁচাতে। তাঁরা আবার পৃথিবীতে পরিচিত পঞ্চশক্তি হিসেবে। তাঁদের নিয়ে আসতে পারলেই সামারাকে উদ্ধার করা সম্ভব। এই পঞ্চশক্তিকে খুঁজতে পৃথিবীতে আসে ভিনগ্রহের লোকজন, মানে এলিয়েনরা। এভাবেই ছবির কাহিনী এগিয়ে যায়।
ছবিটি সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছে, তাই যেকোনো দিন জানানো হবে মুক্তির তারিখ। সামারায় অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শিবা আলী খান, সাঞ্জু, শিমুল খান, আমান খান, এ টি এম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ প্রমুখ। ছবিটির প্রযোজনা করছে ভারটেক্স প্রডাকশন।
ভিডিও লিংক :

মাজহার বাবু