ইমন-মৌসুমীর ‘দংশন’
“মালয়েশিয়ায় নাটকের শুটিং করতে ভালোই লাগে। ‘দংশন’ নাটকটির শুটিং মালয়েশিয়ায় করেছি, এর কারণ শুটিং লোকেশন সুন্দর পেয়েছি। এ ছাড়া নাটকটির গল্পের সঙ্গে এ ধরনের লোকেশন আমার দরকার ছিল।” কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন পরিচালক তপু খান।
এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে তাঁর পরিচালিত নাটক ‘দংশন’। নাটকটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু। প্রযোজনা করেছে ট্রাইস্টার প্রোডাকশন্স।
নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও মৌসুমী হামিদ। এ ছাড়া নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ্যানি খান, সাজ্জাদ রেজা, আল মামুন প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, ফাহিম ও রুবি নবদম্পতি। এক প্রতিযোগিতায় পুরস্কার জিতে তারা মালয়েশিয়ায় পাঁচ দিন চার রাত থাকার সুযোগ পায়। এখানে এসে তাদের সঙ্গে পরিচয় হয় এই প্রতিযোগিতার আয়োজক রিনা চৌধুরীর সঙ্গে। রিনা চৌধুরী সুন্দরী তরুণী হলেও বংশীয় মর্যাদা ও ব্যবসায়িক কূটবুদ্ধির কারণে এক ধরনের অহংকার নিয়ে থাকে সব সময়। সে ফাহিমকে এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে। ফাহিম রিনার প্রস্তাব অপমান করে ফিরিয়ে দেয়। কিন্তু রিনা হার মেনে নেওয়ার মেয়ে নয়। তিনজনকে ঘিরে তৈরি হয় রহস্যময় অশান্ত পরিবেশ। এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প।

ফিচার ডেস্ক