শেষ হচ্ছে ‘শোধ প্রতিশোধ’ ছবির শুটিং
গতকাল ২৩ আগস্ট পান্থপথের ইউটিসি ভবনের ইন্টারঅ্যাকটিভ শুটিং হাউসে আবারো শুরু হয়েছে ‘শোধ প্রতিশোধ’ ছবির শেষ পর্যায়ের শুটিং। আগামীকাল ২৫ আগস্ট শেষ হচ্ছে এই ছবির শুটিং। কয়েক দিনের মধ্যে বাকি চারটি গানের শুটিংও শেষ করা হবে বলে জানান ছবির পরিচালক ফিরোজ খান প্রিন্স।
পরিচালক ফিরোজ খান প্রিন্স এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল আমরা ছবির শুটিং শুরু করেছি। প্রথমে নায়ক মারুফের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করেছি। আজ অফিসের কিছু সিক্যুয়েন্স শুটিং করছি। অফিসের দৃশ্য ছাড়া বাকি শুটিং আমরা এরই মধ্যে শেষ করেছি। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা পুরো ছবির কাজ শেষ করতে পারব। ছবিটি আমাদের ঈদে মুক্তি দেওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে আমরা শুটিং শেষ করতে পারিনি। তবে আশা করছি, সব ঠিক থাকলে কোরবানির ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।’
ছবির নবাগত নায়ক রিপন খান বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রটা অনেক মজার। প্রথম ছবিতেই আমার সঙ্গে নায়িকা থাকছে দুজন। গল্পে দেখা যাবে, আমি গ্রামের ছেলে, একটা মেয়ের সঙ্গে আমার প্রেম। কিন্তু নায়িকার পরিবার কিছুতেই মেনে নিচ্ছে না। একসময় তাকে জোর করে বিয়ে দিতে চায়। আমরা দুজন পালিয়ে ঢাকায় চলে আসি। কোথায় থাকব, কিছুই বুঝতে পারছি না। অনেক ঘোরাঘুরির পর অবশেষে একটা চাকরি পেয়ে আমরা সুখে সংসার করতে লাগলাম। কিন্তু এই সুখ আমাদের স্থায়ী হলো না। কারণ, আমি যে অফিসে চাকরি করি, সেটার মালিক এক ম্যাডাম। এই ম্যাডাম আবার আমাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায়। এই হচ্ছে কাহিনী। প্রথম ছবিতে আমি দুই নায়িকা পেয়ে দারুণ খুশি।’
সামাজিক অ্যাকশনধর্মী এই ছবিতে নায়ক মারুফ ও নবাগত রিপন খান ছাড়া আরো অভিনয় করছেন মৌসুমি হামিদ, মৌমিতা মৌ, সাদিয়া আফরিন, কাবিলা, ইলিয়াস কোবরা, হারুন কিসিঞ্জার, জীবন খান, মর্জিনা ও মিজু আহম্মেদ।
পরিচালক ফিরোজ খান প্রিন্সের এটি চতুর্থ ছবি। এর আগে ‘প্রেমিকা ছিনতাই’, ‘খুনি বউ’ ও ‘বউয়ের জ্বালা’—এ তিনটি ছবি তিনি নির্মাণ করেন। আগের ছবিগুলো ব্যবসাসফল হয়েছে দাবি করে পরিচালক আশা প্রকাশ করেন, তাঁর এ ছবিও সাফল্য বয়ে আনবে।

মাজহার বাবু