আসছে আব্রাহাম তামিমের নাটক ‘পিয়ারলাল’
তোতলা অথচ নির্মল হৃদয়ের লাল প্রেমে পড়ে গ্রামের সাদাসিধা উচ্ছ্বল মেয়ের। মেয়েটির স্বপ্নে তখন আঁকা আছে সফল কোনো রাজপুত্রের ছবি। তবুও ধীরে ধীরে লালের ভালোবাসাতেই জড়িয়ে পড়ে সে। এই সম্পর্কের ওপর কালো ছায়া ফেলে বয়স্ক খামার মালিকের লালসা। ব্যর্থ হয়ে সে আঁটে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। একদিন বিয়ের লাল শাড়ি হাতে লাল পৌঁছায় মেয়েটির বাড়িতে। সেখানের একটি ঘরের মেঝেতে তখন পড়ে আছে রক্তে লাল নিথর এক নারীর দেহ। কিন্তু এটি কার দেহ? আর কী ঘটেছিল তার আগে?
ভালোবাসা, লোভ আর প্রতিশোধের এই গল্পের উত্তর লুকিয়ে আছে ‘পিয়ারলাল’-এ, যা শীঘ্রই দেখা যাবে এনটিভির পর্দায়।
‘পিয়ারলাল’ কবি, চিত্রনাট্যকার ও নির্মাতা আব্রাহাম তামিমের নতুন নির্মাণ। সৃজনশীল এই ব্যক্তিত্ব তার কাজের মাধ্যমে বরাবরই ভিন্নধর্মী চিন্তার পরিচয় দিয়ে আসছেন। তবে ‘পিয়ারলাল’কে তিনি প্রচলিত অর্থে নাটক বলতে নারাজ। বরং, নিজের নির্মাণকে তিনি ‘একটি আব্রাহাম তামিম ছবি’ বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ কারণেই পিয়ারলালের পোস্টারসহ বিভিন্ন প্রচারণায় ‘নাটক’ শব্দটির পরিবর্তে ‘ছবি’ শব্দটি ব্যবহার করতে দেখা গেছে।
‘পিয়ারলাল’-এর চিত্রনাট্য লিখেছেন মারুফের রহমান এবং গল্প ভাবনায় ছিলেন আজিজুল ইসলাম। এতে অভিনয় করেছেন সমিক ইসলাম, মাইশা জাহান, আশরাফ টুলু, পারভেজ সুমনসহ আরও অনেকে।
নির্মাতা আব্রাহাম তামিম জানান, কাজটির প্রতিটি শিল্পী তাদের নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে গাজীপুরের জয়দেবপুরে। তিনি বিশ্বাস করেন, ‘পিয়ারলাল’ দর্শকের মনে দাগ কাটবে এবং ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা উপহার দেবে।

বিনোদন প্রতিবেদক