স্টেডিয়ামে শুটিংয়ের অপেক্ষায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ চলচ্চিত্রের একটি দৃশ্যে দেখা যাবে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা চলছে। নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়ামে চলছে এই খেলা। শেষ পর্যন্ত শাকিব খানের নেতৃত্বে জয় পায় বাংলাদেশ দল। আর এর পর পরই শুরু হয়ে যায় বিজয় উল্লাস। এমনই এক দৃশ্যের শুটিং হবে নারায়ণগঞ্জের স্টেডিয়ামে, কিন্তু সেজন্য দরকার অনুমতি। এই অনুমতি পেলেই শুটিং হবে এবং এর মধ্য দিয়ে ছবির শুটিং শেষ হবে বলে জানান পরিচালক সাফিউদ্দিন সাফি।
এনটিভি অনলাইনকে পরিচালক সাফি বলেন, ‘সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। স্টেডিয়ামে কিছু শুটিং বাকি আছে যা করতে আমাদের দুদিন সময় লাগবে। এরই মধ্যে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, এখন অনুমতির অপেক্ষায় আছি। আগামী ৯ তারিখ শুটিং করতে চাই। বাকি সব কাজ শেষ, এই অংশ শুটিং করতে পারলেই সেন্সরে জমা দিতে পারব। আগামী ঈদে ছবিটি মুক্তি দিতে চাই।’
এর আগে গত ২ আগস্ট ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ চলচ্চিত্রের গানের শুটিং ভারতের হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে করা হয়। গত বছর ১৬ সেপ্টেম্বর ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’-এর শুটিং শুরু হয়েছিল।
শাকিব-জয়া ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন ইমন ও মৌসুমি হামিদ। ছবির পাঁচটি গানই লিখেছেন কবির বকুল। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও কৌশিক হোসেন তাপস। গানে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা, কনা, তাসিফ, আসিফ আকবর, খেয়া ও সাব্বির।
প্রথম পর্বের মতো এ পর্বের চিত্রনাট্যও লিখেছেন রুম্মান রশীদ খান। ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত ছবিটি এ বছরের ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম সিক্যুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ঈদুল আজহায়।

মাজহার বাবু