বাসযাত্রীর গল্প নিয়ে নাটক ‘অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য’
একটি লোকাল বাস। সেখানে অনেক যাত্রী। সবার চরিত্র ও ব্যক্তিত্ব, মতাদর্শ ভিন্ন। যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে বাস। আর এভাবে এগিয়ে চলেছে ‘অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য’ নাটকের গল্প। মিনহাজ আল দীনের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন মাহমুদ মাহিন ও মিনহাজ আল দীন।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শীয়া, ডা. এজাজ, স্বাধীন খসরু, শামীমা নাজনীন, সোহেল খান, কাজী উজ্জ্বল, জ্যোতিকা জ্যোতিসহ আরো অনেকে। নাটকে তাঁরা সবাই বাসযাত্রী।
নাটকের নির্মাতা মিনহাজ আল দীন বলেন, “‘অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য’ নাটকটি দেখে দর্শক প্রথমে মজা পাবেন। কিন্তু ধীরে ধীরে তাঁরা বুঝতে পারবেন, নাটকের গল্প অনেক সিরিয়াস। নাটকে অসাধারণ কিছু সংলাপ রয়েছে, যা শুনে দর্শক ভালো বার্তা পাবেন। নাটকে অনেক মোড় রয়েছে। তাই শুরুটা দেখে বোঝার উপায় নেই শেষে কী ঘটবে?”
‘অপর পৃষ্ঠা দ্রষ্টব্য’ নাটকটি মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

নাইস নূর