ঈদের ষষ্ঠ দিন
এনটিভির বিশেষ আয়োজন
ঈদুল আজহার ষষ্ঠ দিন আগামীকাল বুধবার। এদিনও দর্শকদের জন্য রয়েছে এনটিভির বিশেষ আয়োজন। নাটক, টেলিফিল্মের পাশাপাশি আহসানুল হক পলাশের প্রযোজনায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বৃত্তের বাইরে’। চলুন, একনজরে দেখে নেওয়া যাক এনটিভিতে কী থাকছে কাল সারা দিন।
বিশেষ টেলিফিল্ম : মন জানালা
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মন জানালা’। দিলারা হাশেমের গল্প অবলম্বনে টেলিফিল্মটির নাট্যরূপ দিয়েছেন মেজবাহ উদ্দিন সুমন ও মুরাদ আহমেদ। নজরুল ইসলাম রাজুর চিত্রনাট্য রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন- অপূর্ব, তারিন, শার্লিন ফারজানা, মনির খান শিমুল, শর্মিলী আহমেদ, কুমকুম হাসান, শুভ প্রমুখ।
ছোট দুই রুমের বাসায় নীলা, ছোট বোন নাবিলা আর মা থাকে। বাবার পেনশন আর নীলার বিক্রয়কর্মীর চাকরির টাকায় কোনো রকম চলে সংসার। তবু নীলা চেষ্টা করে যায় সাধ্যমতো। তার এই চেষ্টায় তার সঙ্গে সব সময় থাকে বন্ধু, গাইড, ভালোলাগার মানুষ সামির। পাশেই সামিরদের নিজের বাড়ি, তুলনামূলকভাবে সচ্ছল। চারুকলা থেকে পাস করা সামির পেশায় ফ্রিল্যান্স ডিজাইনার। বাসা থেকে দোকানে যাওয়া-আসার মধ্যে দুজনের কথোপকথন। মাঝে মাঝে সামিরের বাইকে করে এই কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া। সুন্দর ছোট্ট একটি সংসার করার স্বপ্ন দেখে ওরা।
বিশেষ সংগীতানুষ্ঠান : সেই সব গান
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে ৩ পর্বের বিশেষ সংগীতানুষ্ঠান ‘সেই সব গান’-এর তৃতীয় পর্ব। বিভিন্ন সময়ে বাংলাদেশর জনপ্রিয় ১৩ জন প্রয়াত সংগীতশিল্পীর জনপ্রিয় মোট ২৬টি গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন শিল্পী দুটি করে গান পরিবেশন করবেন। আজ অনুষ্ঠানের তৃতীয় পর্বে সংগীত পরিবেশন করেছেন শিল্পী দিনাত জাহান মুন্নী, আরিফ, সাব্বির ও ঋতুরাজ। হুমায়ূন ফরিদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনমুন।
বিশেষ ধারাবাহিক নাটক : নিশ্চিত প্রেমের ৭টি উপায়
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের সাতটি উপায়’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমি হামিদ, সুষমা সরকার, নওশাবা, আনন্দ খালেদ, উজ্জ্বল মাহমুদ প্রমুখ।
এক্স ফ্যাক্টরের মঈন বন্ধু মাফির সঙ্গে কথা বলতে বলতেই ঠিক করে যে বাংলাদেশে প্রথমবারের মতো রোমান্স কনসালটেন্সি ব্যবসা শুরু করবে সে। যেই ভাবা সেই কাজ। মঈন একটা বিজ্ঞাপন ছেড়ে দেয় ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। সে ভেবেছিল সাড়া পাবে না। কিন্তু পরের দিনই দুটি ছেলে আর একটি মেয়ে যোগাযোগ করে তার সঙ্গে। নেমে পড়ে তারা সাতদিনের মিশনে।
বিশেষ নাটক : রান অব লাক
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘রান অব লাক’। শাফায়েত মনসুর রানা’র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন জন কবির, অপর্ণা ঘোষ, মেহরাব হোসেন অপি প্রমুখ।
বিশেষ অনুষ্ঠান : বৃত্তের বাইরে
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৃত্তের বাইরে’। আহসানুল হক পলাশের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফজলুল হক। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সূফী মিজানুর রহমান, মঞ্জুরে এলাহী, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ ও সেলিনা আহমাদ। তাঁদের বর্ণাঢ্য কর্মময় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা কথা উঠে এসেছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।
বিশেষ ধারাবাহিক নাটক : দুষ্টু ছেলের দল
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু প্রেমের গল্প’। আদনান আল রাজীব ও রেদওয়ান রনির যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।
দুষ্টামি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা প্ল্যান করে এক অভিযানের। তাদের পেছনে লাগে আবার মিষ্টি কয়েকজন মেয়ে। অদ্ভুত মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক।
বিশেষ নাটক : তারা খান
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তারা খান’। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সিমলা, আ খ ম হাসান, দিলু প্রমুখ।
‘তারা খান এই শহরের একজন নামকরা ফিল্মস্টার। এরই মধ্যে অনেক ছবির শুটিং শেষ হলেও তাঁর একটি ছবিও মুক্তি পায়নি। একদিন তিনি শুটিংয়ে যাবেন, কিন্তু গাড়ি এসে এখনো পৌঁছায়নি। তারা খান রেগে টেগে একাকার।
অগত্যা উপায় না দেখে তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের দিকে এগিয়ে যান। গাড়ির ড্রাইভার তাঁর সব কথা শুনে তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে। তাঁকে নিয়ে ছুটে চলে শুটিং স্পটের দিকে। শুরু হয় নতুন গল্প।’

নাইস নূর