তৌসিফ-সাফার ‘কাটাকুটি’
অভিনেতা তৌসিফ মাহবুবকে গাড়িচালকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আবারও। নাটকটির নাম ‘কাটাকুটি’। শাহরিয়ার তাসদিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন খায়রুল পাপন।
এখানে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন সাফা কবির। তাঁরা দুজন সাকিব ও রাহা চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। এতে আরো অভিনয় করেছেন রাশেদা চৌধুরী, তমাল মাহবুব প্রমুখ।
‘কাটাকুটি’ গল্পে দেখা যাবে, সাকিব গ্রাম থেকে পড়ালেখা শেষ করে ঢাকায় এসে উঠেছে তার গ্রামের এক বড় ভাই জাহিদের ম্যানেজ করা একটা ফ্ল্যাটে। সাকিবের জীবনের একমাত্র উদ্দেশ্য বড়লোক হওয়া। জাহিদের মাধ্যমে সে উবার চালানোর কাজও ম্যানেজ করেছে। তার গাড়িতে যে যাত্রীই উঠুক না কেন, সে ভাব নিয়ে বলে এই গাড়িটা তার নিজের।
এভাবেই একদিন পরিচয় হয় রাহার সঙ্গে। রাহা ডাক্তারি পাস করেছে। তার বাবা-মা নেই, দাদির কাছে বড় হয়েছে এবং দাদির সঙ্গেই থাকে সে। সাকিব মনে মনে পরিকল্পনা করে রাহাকে পটিয়ে বিয়ে করতে পারলে সেও বড়লোক হতে পারবে। শুরু হয় অন্য গল্প।

ফিচার ডেস্ক