তারকার প্রথম
আমার প্রথম পারিশ্রমিক ছিল এক লাখ টাকা : মেহজাবীন চৌধুরী
মেহজাবীন চৌধুরী এ সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। পরিবারেও সবার প্রিয় তিনি। বাবা-মা তাঁকে আদর করে ডাকেন জেনিফার। সবার জীবনেই প্রথম অনেক ঘটনা আছে। আজ আমরা জানব, প্রিয় এই মডেল-অভিনেত্রীর জীবনের প্রথম উল্লেখযোগ্য কিছু ঘটনা।
প্রথম স্কুল : ওমানের একটি স্কুলে পড়েছিলাম। স্কুলের নাম ছিল ইন্ডিয়ান স্কুল সোহার।
প্রথম শিক্ষক : স্মিতা ম্যাম। ম্যাম সাউথ ইন্ডিয়ান ছিলেন। ম্যামের কাছ থেকে পড়াশোনা যেমন শিখেছি, তেমনি তাঁর কাছ থেকে মালয়ালাম ভাষাও আমি শিখেছিলাম। আমি কিন্তু এই ভাষায় টুকটাক গালিও দিতে জানি।
প্রথম পড়া বই : হ্যারি পটার সিরিজের বই পড়েছি।
প্রথম অভিনীত নাটক : ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাক সিন্ধু পাড়ে’। নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল।
প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা : ১৩ বছর বয়সে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। তখন আমি ওমানে ছিলাম। এখনো মনে আছে, জুয়েলারির একটা ফটোশুটের আমি মডেল হয়েছিলাম। এটা টাইমস অব ওমানের একটি ম্যাগাজিনের কাভারের জন্য ফটোশুট ছিল। ছবি তোলার সময় পাপা আমার পাশে ছিলেন। পাপা সামনে থাকায় আমি খুব লজ্জা পেয়েছিলাম। পরে প্রোডাকশনের একটি ছেলেকে বলেছিলাম, ‘তোমরা আব্বুকে একটু বাইরে নিয়ে যাও।’ তখন তেমন কিছু বুঝতাম না। তবুও মনে আছে, আমি কিন্তু নার্ভাস ছিলাম না।
প্রথম পারিশ্রমিক : আমার প্রথম পারিশ্রমিক ছিল এক লাখ টাকা। ২০১০ সালে লাক্সের একটি বিজ্ঞাপন করে টাকাটা পেয়েছিলাম। টাকাটা পেয়ে প্রথমে ব্যাংকে রেখে দিয়েছিলাম। কিন্তু পরে সেই টাকা দিয়ে কী করেছি, এখন সেটা মনে করতে পারছি না।
প্রথম পরা শাড়ি : আমার বয়স তখন ছিল পাঁচ বছর। আমার ফুপ্পির গায়ে হলুদেই প্রথম হলুদ একটা শাড়ি পরি আমি।

নাইস নূর