নাবিলার সহযাত্রী প্রেম
বাংলাভিশনের মেগা ধারাবাহিক নাটক ‘সহযাত্রী’তে অভিনেতা প্রেমের সাথে নতুন জুটি হিসেবে দেখা যাবে নাবিলাকে। রিজওয়ান খানের রচনা ও পরিচালনায় অর্ণিমা ভিশনের প্রযোজনায় বাংলাভিশনে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘সহযাত্রী’।
নাটকটিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আহমেদ শরীফ, শাহেদ, আ খ ম হাসান, সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, প্রেম, গোলাম ফরিদা ছন্দা, বাঁধন, অহনা, আলভী, ঈশানা, দিহান, পি জে হেলেন, নিঝুম, নাবিলা, বাদল, ইমু প্রমুখ। চলতি ধারাবাহিকটির শুটিং চলছে উত্তরায় অবস্থিত শুটিং হাউস ‘আপন ঘর ২’-এ।
নাটকটি সম্পর্কে প্রযোজক প্রেম বলেন, ‘এই নাটকের জন্য দর্শকমহলসহ সবার কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। তা ছাড়া আমরা সব সময় অনেক যত্ন করে প্রোডাকশন বানাই। আমরা ভালো ও প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি নতুন শিল্পীদেরও আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বানানো কাজগুলোতে সুযোগ দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি। তাই দর্শকরা একটি ভালো গল্প ও নাটক উপভোগ করতে পারছে বলে আমার বিশ্বাস। এই নাটকটি আমি উৎসর্গ করেছি আমার গুরু শ্রদ্ধেয় চলচ্চিত্র পরিচালক স্বর্গীয় সুভাষ দত্ত দাদুকে। আমার সব কাজের মূল অনুপ্রেরণা তিনি। উনি থাকলে আমার পথচলাটা আরো সহজ হতো।’

মাজহার বাবু