মৌ-নোবেলের ‘হাইওয়ে’
গেল রোজার ঈদে দীর্ঘ চার বছর পর কৌশিক শংকর দাশের পরিচালনায় একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন জনপ্রিয় জুটি নোবেল ও মৌ। এর পর তাঁরা আর কোনো নাটকে অভিনয় করেননি। সম্প্রতি আবারো একসঙ্গে একটি নাটকে কাজ করেছেন তাঁরা। নাটকের নাম ‘হাইওয়ে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি।
নতুন নাটকে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘কাজের ব্যস্ততার কারণে নিয়মিত অভিনয় করার সুযোগ হয়ে ওঠে না। তবে গল্প ভালো হলে হাতছাড়া করি না। এককথায় বলব, এবার অসম্ভব ভালো একটি কাজ করেছি।’
মৌ বলেন, “অনেক দিন পর সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গল্পে কাজ করলাম। আমি ব্যক্তিগতভাবে ‘দ্য হাইওয়ে’ নাটকটিতে অভিনয় করে বেশ তৃপ্তি পেয়েছি। অনেক পরিশ্রম করে এবং রোদে পুড়ে সারা দিন আমরা শুটিং করেছি। আশা করছি, আমার পরিশ্রম সার্থক হবে।”
‘হাইওয়ে’ নাটকের গল্পে দেখা যাবে, শিল্পপতি বাবার একমাত্র ছেলে নোবেল। আর মৌও শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। দুজনেই বাসা থেকে পালিয়ে যায়। তবে কেউ কারো জন্য নয়। ঘটনাচক্রে দুজনের দেখা হয়। তার পর ঘটতে থাকে নানা নাটকীয় সব ঘটনা।
পরিচালক মো. মেহেদী হাসান জনি বলেন, ‘নোবেল-মৌ আমার অনেক প্রিয় জুটি। অনেক স্বপ্ন ছিল, প্রিয় এই জুটিকে নিয়ে কাজ করার। অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো।’
‘হাইওয়ে’ নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক।

নাইস নূর