মধুচন্দ্রিমায় সুমাইয়া শিমু
গত ২৮ আগস্ট বিয়ে করেছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। তাঁর স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। বিয়ের পর সুমাইয়া শিমুর জীবনে আমূল কোনো পরিবর্তন আসেনি। বিয়ের পরপরই বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর বরও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তাই মধুচন্দ্রিমা হবে কি না, সেটা নিয়েই দ্বিধায় ছিলেন দুজন। কিছুদিন আগে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপ করার সময় এমনটিই জানিয়েছিলেন সুমাইয়া শিমু। তিনি বলেছিলেন, ‘হানিমুনে কবে যাব, তা জানি না। তবে দুজনের অবসর মিললে হঠাৎ করেই চলে যাব।’
নিজের কথা অনুসারে হঠাৎ করেই মধুচন্দ্রিমায় গেছেন সুমাইয়া শিমু ও তাঁর বর। স্বামীকে নিয়ে এখন তিনি নিউজিল্যান্ডের কুইন্সটাউনে আছেন। গতকাল সুমাইয়া শিমু নিজের ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কিছু সুন্দর ছবি আপলোড করে লিখেছেন, ‘কুইন্সটাউন ইন নিউজিল্যান্ড, এ পিস অব হ্যাভেন অন আর্থ।’
সুমাইয়া শিমুর ফেসবুক পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, তিনি পৃথিবীতে স্বর্গের কিছুটা হলেও স্বাদ পেয়েছেন। এতেই প্রমাণ হয়, মধুচন্দ্রিমায় মধুর সময় কাটাচ্ছেন সুমাইয়া শিমু।

নাইস নূর