রোজিনার সাথে বাঁধনের আড্ডা
চিত্রনায়িকা রোজিনা দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। চলতি বছরে কিছুদিনের জন্য তিনি দেশে বেড়াতে আসেন এবং কিছু কাজও করেন। গেল ২৪ জুন আবারও তিনি ফিরে যান লন্ডনে। এখনো তিনি সেখানে আছেন। লন্ডনে যাওয়ার আগে বেশ কিছু চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জাতীয় চলচ্চিত্রপুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা।
আজ বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘শুধুই আড্ডা’র অতিথি হিসেবে থাকবেন বরেণ্য এই চিত্রনায়িকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গেল কোরবানির ঈদের সময় অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল বলে জানান বৈশাখী টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার পলাশ মাহবুব।
‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানে অতিথি তারকারা সাধারণত দর্শকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এবারও এর ব্যতিক্রম হবে না। চিত্রনায়িকা রোজিনা দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন। অনুষ্ঠানে তিনি তাঁর ক্যারিয়ারের শুরুর গল্প, জীবন সংগ্রাম, সফলতার গল্প, ভবিষ্যতে কী করবেন এসব নিয়ে কথা বলেন।
মায়া বড়ির বিজ্ঞাপনের মাধ্যমে রোজিনার মিডিয়ায় পথচলা শুরু হয়েছিল। বড় পর্দায় যাত্রা শুরু করেন ১৯৭৬ সালে ‘জানোয়ার’ ছবিতে পার্শ্ব অভিনেত্রী হিসেবে। পরে তিনি এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান।
এ ছবি সফল হয় এবং তিনি হাতে বেশ কিছু ছবি পান। অভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে ‘জীবনধারা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রোজিনা।

নাইস নূর