আজ থেকে এনটিভিতে শুরু হচ্ছে ‘সম্রাট’!
এনটিভিতে প্রচারিত নাটকের প্রতি দর্শকের আগ্রহ বরাবরই একটু বেশি। যাঁরা এনটিভির নাটক দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর হলো আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক ‘সম্রাট’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার করা হবে। ‘সম্রাট’ নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া, ইশানা, সোনিয়া হোসেন, শাহাদাৎ হোসেন, আবুল কাশেম, কে এস ফিরোজ, রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, শামসুল আলম বকুল, ইলোরা গহর, সাবেরী আলম, শিরিন আলম, অলিউল হক রুমি, শেলী আহসান, নুসরাত ডায়না, রেজাউর রহমান রিজভী, যুবরাজ, কিনা, মার্শাল ও সুস্মি।
‘সম্রাট’ নাটকের গল্পে দেখা যাবে, ধনাঢ্য পরিবারের একমাত্র ওয়ারিশ থাকে সম্রাট। সম্রাট অনেক জেদি ও অহংকারী স্বভাবের। সে বেড়ে ওঠে তার দাদার কাছে। সড়ক দুর্ঘটনায় একসময় তার দাদা মারা যায়। এর পর সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। এদিকে সম্রাটের দাদার মৃত্যু সড়ক দুর্ঘটনায় হলেও রহস্যাবৃত হয়ে থাকে অনেক কিছু। এসব ঝামেলা ও রহস্যের জট খুলতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে সম্রাট। আর এভাবে এগিয়ে যেতে থাকে ধারাবাহিকের গল্প।

নাইস নূর