কমেডি ‘হা-শো সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনালে
আজ শনিবার এনটিভিতে রাত ৮টা ০৫ মিনিটে প্রচারিত হবে মার্সেল প্রেজেন্টস কমেডি শো ‘হা-শো সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি চলবে রাত ১০টা পযর্ন্ত। প্রথম দুই সিজনের সফল কার্যক্রমের পর তৃতীয়বারের মতো এনটিভিতে শুরু হয়েছিল এই রিয়্যালিটি শো। অভিনেতা সাজু খাদেমের উপস্থাপনায় এই অনুষ্ঠানে এবার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপস্থাপক মাজহারুল ইসলাম, অভিনেতা ডা. এজাজুল ইসলাম ও বাঁধন। ৪৫ মিনিটের অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। আজকের এই অনুষ্ঠানে গান পরিবশেন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল।
এদিকে আজ গ্র্যান্ড ফিনালে ঘোষণা করা হবে ‘হা-শো’ সিজন-৩-এর চ্যাম্পিয়নের নাম। চূড়ান্ত প্রতিযোগিতার জন্য আজ লড়াই করবেন সেরা ৬ প্রতিযোগী। এককভাবে অংশগ্রহণ করবেন ছাবিকুন্নাহার মুন্না, রিপন খান অভি, হৃদয় আল মীরু, খালিদ ইবনে ওয়াদুদ এবং জুটি বেধে অংশগ্রহণ করবেন আশিকউল্লাহ্ ও আব্দুল্লাহ আল নোমান। সেরা তিন প্রতিযোগীর কাছে পুরস্কার তুলে দেবেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং মার্সেলের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবির। মার্সেলের পক্ষ থেকে ‘হা-শো’ সিজন-৩-এর চ্যাম্পিয়ন একটি মোটরসাইকেল, ফার্স্ট রানার আপ একটি টেলিভিশন ও সেকেন্ড রানার আপ একটি রেফ্রিজারেটর পাবেন।
এদিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর এই পাঁচটি বিভাগীয় শহর থেকে প্রাথমিক বাছাই করে মোট ৪০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল মূল অনুষ্ঠান ‘হা-শো সিজন-৩’। প্রতি পর্বে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রতিযোগীকে নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত ছয়জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে আজ লড়াই করবেন। এনটিভি আয়োজিত ‘হা-শো’ বাংলাদেশের কৌতুক পরিবেশন ভিত্তিক প্রথম রিয়্যালিটি শো। অনুষ্ঠানটি প্রযোজনা করেছে ডাবর মেসওয়াক।

নাইস নূর