হা-শো সিজন-৩
চ্যাম্পিয়ন মীরু হতে চান ভালো উপস্থাপক
‘হা-শোতে চ্যাম্পিয়ন হতে পেরে অনেক খুশি আমি। আমি আসলে অনেক ভাগ্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন ভালো ভালো কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হতে পারি। দেশের ভালো একজন উপস্থাপক হতে চাই আমি।’ কথাগুলো বলেছেন মার্সেল প্রেজেন্টস কমেডি শো ‘হা-শো সিজন-৩’এর চ্যাম্পিয়ন হৃদয় আল মীরু।
এবারের ‘হা-শো সিজন-৩’-এর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হৃদয় আল মীরু, ফার্স্ট রানারআপ যৌথভাবে আশিকউল্লাহ ও আবদুল্লাহ আল নোমান। সেকেন্ড রানারআপ হয়েছেন ছাবিকুন্নাহার মুন্না।
এদিকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য লড়াই করছেন সেরা ছয় প্রতিযোগী। সেরা তিন প্রতিযোগীর কাছে পুরস্কার তুলে দিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং মার্সেলের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবির। মার্সেলের পক্ষ থেকে ‘হা-শো সিজন-৩’-এর চ্যাম্পিয়ন একটি মোটরসাইকেল, ফার্স্ট রানারআপ একটি টেলিভিশন ও সেকেন্ড রানারআপ একটি রেফ্রিজারেটর পেয়েছেন।
গতকাল শনিবার এনটিভিতে রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হয় মার্সেল প্রেজেন্টস কমেডি শো ‘হা-শো সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি চলেছিল রাত সাড়ে ১০টা পর্যন্ত। প্রথম দুই সিজনের সফল কার্যক্রমের পর তৃতীয়বারের মতো এনটিভিতে শুরু হয়েছিল এই রিয়্যালিটি শো। অভিনেতা সাজু খাদেমের উপস্থাপনায় এই অনুষ্ঠানে এবার বিচারক ছিলেন উপস্থাপক মাজহারুল ইসলাম, অভিনেতা ডা. এজাজুল ইসলাম ও বাঁধন। ৪৫ মিনিটের অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর—এই পাঁচটি বিভাগীয় শহর থেকে প্রাথমিক বাছাই করে মোট ৪০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল মূল অনুষ্ঠান ‘হা-শো সিজন-৩’। প্রতি পর্বে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রতিযোগীকে নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এনটিভি আয়োজিত ‘হা-শো’ বাংলাদেশের কৌতুক পরিবেশনভিত্তিক প্রথম রিয়্যালিটি শো। অনুষ্ঠানটি প্রযোজনা করেছে ডাবর মেসওয়াক।

নাইস নূর