ছোটবেলার বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করছি : কল্যাণ
আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়ার জন্মদিন। জন্মদিন উপলক্ষে আজ কোনো নাটকের শুটিং রাখেননি এই অভিনেতা। সম্প্রতি এক মাস অস্ট্রেলিয়ায় ভ্রমণ শেষে ঢাকায় ফিরেছেন তিনি। তাই জন্মদিনের উৎসব বাইরে না করে বাসায় করছেন- এমনটিই জানান কল্যাণ।
কীভাবে জন্মদিন কাটছে জানতে চাইলে এনটিভি অনলাইনকে কল্যাণ বলেন, ‘ছোটবেলার বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করছি। আমার বন্ধুরা সবাই বাসায় এসেছে। বন্ধুদের ও পরিবারকে সময় দিচ্ছি।
বলতে পারেন, খুব ভালো কাটছে জন্মদিন। রাতে আমার প্রিয় কিছু সহকর্মী বন্ধু বাসায় আসবে। আমরা এক সাথে ডিনার করব।’
একসময় শুধু পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়েই জন্মদিন পালন করা হতো কল্যাণের। এখনো তাই করা হয়। তবে একটা পাথর্ক্য রয়েছে- মিডিয়ায় কাজ করার পর কল্যাণের পরিচিতি এখন দেশব্যাপী। তাই বন্ধুবান্ধব ছাড়াও সারা দেশের ভক্তদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পান কল্যাণ।
এ বিষয়ে কল্যাণ বলেন, ‘ভক্তদের উপহার পেলে আনন্দ লাগে। কারণ তাঁরা আমাকে ভালোবাসে বলেই মিডিয়াতে এখনো আমি কাজ করতে পারছি। আমিও আমার ভক্তদের অনেক পছন্দ করি।’
এদিকে কিছুদিন পরই নতুন নাটক ও বিজ্ঞাপনের কাজ শুরু করবেন বলে জানান কল্যাণ।

নাইস নূর