ক্রিকেটার হয়েই মাঠে থাকার কথা ছিল : কল্যাণ
মডেল ও অভিনয়শিল্পী কল্যাণ কোরাইয়া ছোটবেলায় নিয়মিত ক্রিকেট খেলতেন। ব্যাটিং-বোলিং দুটোতেই তিনি ভালো ছিলেন। স্কুলের মাঠে নিয়মিত প্র্যাকটিসও করতেন। ইচ্ছা ছিল, বড় হয়ে ক্রিকেটার হবেন। বন্ধুরাও ক্রিকেটার হওয়ার জন্য উৎসাহ দিতেন। কিন্তু শেষ পর্যন্ত কল্যাণের ক্রিকেটার হয়ে ওঠা হয়নি। তবে এখন নাকি বাংলাদেশের খেলা দেখলেই কল্যাণের খুব আফসোস হয়।
এনটিভি অনলাইনকে কল্যাণ বলেন, ‘ক্রিকেটার হয়েই মাঠে আমার থাকার কথা ছিল। হয়তো সেটা কিছুদিন আগেও চেষ্টা করলে সম্ভব ছিল। কিন্তু এখন আর কোনো সম্ভাবনা নেই। তবে নিয়মিত খেলা দেখি আমি। শুটিংয়ের কারণে মাঠে যাওয়া সম্ভব হয় না। তবে বাংলাদেশের খেলা চলাকালে শুটিং বন্ধ রেখে টিভিতে ইউনিটের সবাই মিলে আমরা খেলা দেখি।’
ধারাবাহিক আর খণ্ড নাটক নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন কল্যাণ। কিছুদিনের মধ্যেই কল্যাণ অভিনীত মাঈনুল হাসান খোকনের মেগা ধারাবাহিক নাটক ‘হাই সোসাইটি’ এশিয়ান টিভিতে প্রচারিত হবে। এ ছাড়া প্রচারের অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি ধারাবাহিক ও খণ্ড নাটক। নতুন চলচ্চিত্রের কাজের কথাবার্তা চললেও এ মুহূর্তে নাটকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বলে জানান এ সময়ের জনপ্রিয় অভিনেতা কল্যাণ কোরাইয়া।

নাইস নূর