নোবেল-তিশার প্রথম নাটক ‘আনপ্রেডিকটেবল’
দেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী নোবেলের সঙ্গে তিশা অনেক বিজ্ঞাপনের মডেল হয়েছেন। দেশে ও দেশের বাইরের অনেক মঞ্চে তাঁরা একসঙ্গে নৃত্যও পরিবেশন করেছেন। তবে আগে কখনো তাঁদের একসঙ্গে নাটকে অভিনয় করতে দেখা যায়নি। এবারই প্রথম নাটকে জুটি বেঁধেছেন নোবেল ও তিশা।
নাটকের নাম ‘আনপ্রেডিকটেবল’। সাব্বির চৌধুরীর গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন তানিন রহমান। পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি। রাজধানীর গুলশান ও বনানী এলাকার বিভিন্ন লোকেশনে ১১ ও ১২ মার্চ নাটকটির শুটিং করা হয়। প্রথমবারের মতো নোবেল-তিশাকে নাটকে জুটি করতে পেরে খুব খুশি নাটকের গল্পকার ও প্রযোজক সাব্বির চৌধুরী ও পরিচালক মো. মেহেদী হাসান জনি।
এদিকে, তিশার সঙ্গে নাটকে কাজ করার প্রথম অভিজ্ঞতা নিয়ে এনটিভি অনলাইনকে নোবেল বলেন, ‘তিশা খুব ভালো অভিনেত্রী। কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে দারুণ।’
নোবেল আরো যোগ করে বলেন, ‘আনপ্রেডিকটেবল নাটকটি রোমান্টিক। গল্পে অনেক চমক আছে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’
অন্যদিকে, নোবেলের সঙ্গে নাটকে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ বলে জানান তিশা। তিনি বলেন, ‘নোবেল ভাই অনেক ভালো মডেল ও অভিনেতা। মানুষ হিসেবেও তিনি চমৎকার।’
‘আনপ্রেডিকটেবল’ নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান নাটকের পরিচালক মো. মেহেদী হাসান জনি।

নাইস নূর