এনটিভিতে সরাসরি ‘মুক্তিযুদ্ধ : চেতনায় অর্জনে’
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ এনটিভিতে বিকেল ৩টা ১০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত সরাসরি প্রচার করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধ : চেতনায় অর্জনে’। স্বাধীনতা দিবসকে ঘিরে সরাসরি এই অনুষ্ঠান মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সরাসরি দেখানো হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এনটিভির নির্বাহী প্রযোজক আলফ্রেড খোকন। উপস্থাপনা করবেন ফারাহ শারমিন ও ইভান সাইর।
এনটিভি অনলাইনকে আলফ্রেড খোকন বলেন, ‘ স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতা-উত্তর দুই প্রজন্মের নিরীখে আমাদের মুক্তিযুদ্ধ- চেতনায় ও অর্জনে, এটাই থাকবে অনুষ্ঠানের মূল বিষয়। কবি নির্মলেন্দু গুণের ‘সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’ কবিতাটি কবিকণ্ঠে ভিডিও চিত্রের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। এটা আগেই আমরা রেকর্ড করেছিলাম।’
এদিকে এনটিভির স্টুডিওতে আজ অতিথি আলোচক থাকবেন কবি আসাদ চৌধুরী এবং একজন শহীদের সন্তান আমেনা তাবাসুম। এ ছাড়া গান পরিবেশন করবেন সংগীতশিল্পী সায়ান ও লিয়ন।
অন্যদিকে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে অনুষ্ঠানে যোগ দেবেন আবৃত্তিকার রফিকুল ইসলাম, গণমাধ্যম ব্যক্তিত্ব জাহিদ রেজা নূর ও নাট্যকর্মী জ্যোতি সিনহা। পর্যায়ক্রমে তাঁদের কাছ থেকে স্বাধীনতার চেতনা ও অর্জনের উপলব্ধি জানতে চাওয়া হবে বলে জানান অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক আলফ্রেড খোকন।

নাইস নূর